কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক কর্মশালা
আগামী দিনগুলোতে মানুষের সঙ্গে কম্পিউটারের মিথস্ক্রিয়া (ইন্টার-অ্যাকশন), মেশিন লার্নিংয়ের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাসংক্রান্ত গবেষণা ও এর প্রয়োগ অনেক বেশি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে বিশ্বজুড়ে বাড়বে এই বিষয়ে দক্ষ গবেষক ও কর্মীর চাহিদা। গতকাল শনিবার ‘কৃত্রিম বুদ্ধিমত্তায় হাতেখড়ি’ শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন যুক্তরাষ্ট্রের রচেস্টার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও গবেষক এহসান হক। এহসান হক তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তার কাজের জন্য সম্প্রতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউটের ‘৩৫-এর নিচে ৩৫’ তালিকায় স্থান করে নিয়েছেন।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এই কর্মশালার আয়োজন করে। সকালে অংশগ্রহণকারীদের স্বাগত জানান বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান। কর্মশালায় প্রায় ৬০ জন অংশ নেন।
কর্মশালা শেষে এহসান হকের হাতে ক্রেস্ট তুলে দেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মফিজুর রহমান। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ক্লাব ও ছাত্রকল্যাণ দপ্তর কর্মশালা আয়োজনে সহায়তা করে।
বিজ্ঞপ্তি