কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো তৈরি করবে নিউরাল সেমিকন্ডাক্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিএলএসআই ডিজাইন সেন্টার উদ্বোধনের পর অতিথিরা
ভিএলএসআই ডিজাইন সেন্টার উদ্বোধনের পর অতিথিরা

ডিবিএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ‘নিউরাল সেমিকন্ডাক্টার’ গত সোমবার সন্ধ্যায় রাজধানীতে চালু করেছে ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন (ভিএলএসআই) ডিজাইন সেন্টার। নিউরাল সেমিকন্ডাক্টার কার্যালয়ে এদিন আয়োজিত এক অনুষ্ঠানে এই নকশা কেন্দ্র উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য সাইফুল ইসলাম। এ সময় তিনি উদ্যোক্তাদের স্বাগত জানিয়ে বলেন, ‘শুরুটা বেশ চমৎকার। সামনে অনেক কঠিন কাজ করতে হবে। কিন্তু আমি উৎসাহ দিতে চাই এবং এই উদ্যোগের সফলতা কামনা করছি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম এ জব্বার, নিউরাল সেমিকন্ডাক্টরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম রেজওয়ান খান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) অধিদপ্তরের যুগ্ম সচিব মহসিনুল আলম, বুয়েটের তড়িৎকৌশল বিভাগের শিক্ষক এ বি এম হারুন-উর-রশীদ ও কাজী দীন মোহাম্মদ খসরুসহ অনেকে।
অনুষ্ঠানে জানানো হয়, ইলেকট্রনিকস সার্কিট ডিজাইন, চিপ তৈরি, টেপ আউট সার্ভিস, আইওটি (ইন্টারনেট অব থিংস), এপিআর ও এএসসিআইয়ের প্রবাহ নিয়ে কাজ করবে ভিএলএসআই ডিজাইন সেন্টার। আর এই বিষয়গুলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সঙ্গে সংযুক্ত। বাংলাদেশে ভিএলএসআই ডিজাইন সেন্টারের অবস্থান হলেও এর বিপণন, গ্রাহক সংযোগ সেবার বিষয়টি পরিচালিত হবে প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্র কার্যালয়ের মাধ্যম।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ‘আমরা দেশে এআই প্রযুক্তির অবকাঠামো গড়ে তুলতে চাই।’