কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি ছবির ট্রেলার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে তৈরি চলচ্চিত্র মরগ্যান মুক্তি পায় ২ সেপ্টেম্বর। টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের ব্যানারে মুক্তি পাওয়া চলচ্চিত্রটির প্রচারের জন্য ট্রেলারও তৈরি করা হয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। এ জন্য আইবিএমের সঙ্গে একজোট হয়ে কাজ করে ছবির দল।
আইবিএমের ওয়াটসন সুপারকম্পিউটারের জিওপার্ডি উইনিং কৃত্রিম বুদ্ধিমত্তায় আগের ছবির ট্রেলার দেখানো হয়। এতে চলচ্চিত্রের আবেগ, আনন্দ কিংবা ভয়ের দৃশ্যগুলো সম্পর্কে জানতে পারে ওয়াটসন। এরপর সুপারকম্পিউটারে ইনপুট দেওয়া হয় মরগ্যান। পুরো সিনেমা থেকে বেশ কিছু দৃশ্য বেছে নিয়ে ট্রেলার তৈরি করে ওয়াটসন।
তবে পুরো কাজ ওয়াটসন নিজে করতে পারেনি, মানুষের সাহায্য নিতে হয়েছে। তবু কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি সেই ট্রেলারের মান বেশ ভালো ছিল। মানুষের কাজ কম্পিউটার করতে পারবে—এমন যে স্বপ্ন দেখেন প্রযুক্তিপ্রেমীরা, এই সাফল্য সেই স্বপ্নের দিকেই আরেক ধাপ এগিয়ে যাওয়া বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
শাওন খান, সূত্র: নিওউইন