কৃত্রিম যকৃৎ তৈরির দ্বারপ্রান্তে গবেষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মনে করেন, থ্রিডি প্রিন্টিং বা ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ ত্রিমাত্রিক ছাপা পদ্ধতি ব্যবহার করে কিডনির মতো যকৃৎ ছাপার কাজেও সফল হতে চলেছেন গবেষকেরা।যুক্তরাষ্ট্রের গবেষকেরা চিনি ব্যবহার করে থ্রিডি বা ত্রিমাত্রিক প্রিন্টিং প্রযুক্তিতে রক্তনালি তৈরির পদ্ধতি উদ্ভাবন করেছেন, যা তাঁদের কৃত্রিম যকৃৎ তৈরির ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে দেবে। এক খবরে জানিয়েছে বিবিসি।গবেষকেরা অনেক দিন ধরে থ্রিডি প্রিন্টিং পদ্ধতিতে কোষ ও রক্তনালি তৈরিতে কাজ করছেন। এ ক্ষেত্রে কৃত্রিম কোষ তৈরিতে থ্রিডি প্রিন্টিং পদ্ধতিতে টিস্যু বা কলাগুলোকে স্তরে স্তরে সাজানো হয়। কিন্তু গবেষকেরা এ পদ্ধতিতে তৈরি কৃত্রিম কোষগুলো বেশিদিন টিকিয়ে রাখতে পারছিলেন না। কারণ, কৃত্রিম কোষগুলো প্রাকৃতিক কোষের সঙ্গে যুক্ত হয়ে অক্সিজেন ও পুষ্টির আদানপ্রদান করতে সক্ষম হচ্ছিল না। কোষগুলো নতুন টিস্যু বা কলা তৈরির আগেই মরে যাচ্ছিল।পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা কৃত্রিম যকৃৎ তৈরিতে কাজ করছেন। তাঁরা সম্প্রতি দাবি করেছেন যে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে চিনির কাঠামো ব্যবহার করে তৈরি কোষ এ সমস্যার মুখে পড়ে না। এ পদ্ধতিতে ভবিষ্যতে কৃত্রিম যকৃৎ তৈরি করা সম্ভব হবে এবং তা প্রতিস্থাপনযোগ্য হবে বলেও তাঁরা আশাবাদী। গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার ম্যাটেরিয়ালস সাময়িকীতে।গবেষক জর্ডান মিলার ও ক্রিস্টোফার চেন এ প্রসঙ্গে জানিয়েছেন, যকৃৎ তৈরির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে, বিশাল কৃত্রিম টিস্যু তৈরি করা কোষগুলো বাঁচিয়ে রাখার বিষয়টি। কিন্তু চিনি ব্যবহার করায় সে সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে।