কৃষকের ভূমিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শুরুতে নির্দিষ্ট এক চরিত্র ঠিক করে নিতে হবে। নিজের পছন্দমতো। এরপর বংশানুক্রমে স্টারডিউ ভ্যালিতে পাওয়া যাবে একখণ্ড জমি, সেখানে বছরের পর বছর অযত্নে পড়ে থাকা ঝোপঝাড়ে পূর্ণ এক বাড়িও থাকবে। নিজ দায়িত্বে, নিজের মতো করে তা পরিষ্কার করে নিতে হবে। সেখানে শস্য উৎপাদন করতে হবে, সে শস্য বিক্রির আয় দিয়ে যন্ত্রপাতি কেনা, বাড়ির উন্নয়ন করা এবং আবাদ ভূমির পরিমাণ বাড়াতে হবে। আর এটাই কৃষি উৎপাদনভিত্তিক (ফার্মিং) গেম স্টারডিউ ভ্যালির পটভূমি। কনসার্নডঅ্যাপ ডেভেলপার দলের চলতি বছরে তৈরি এই গেম মূলত হারভেস্ট মুন-এর আদলে তৈরি করা হয়েছে।
যেসব কারণে গেমটি অন্যান্য ফার্মিং গেম থেকে আলাদা তা হলো, প্রধান চরিত্রের বাইরেও এতে কিছু কাজ রয়েছে। গেমটির অন্যান্য চরিত্রের সঙ্গে যোগাযোগ করে সম্পর্ক স্থাপন করা যাবে। বৈবাহিক সম্পর্কে জড়িয়ে একসঙ্গে গৃহস্থালির কাজকর্ম চালিয়ে যাওয়া যাবে। গেমার নিজ ইচ্ছানুযায়ী মাছ ধরা, রান্না করা, হস্তশিল্পের কাজ, খনিজ সম্পদে পূর্ণ গুহা খুঁজে বের করা কিংবা শিকার করতে পারবেন। এ ছাড়া বিভিন্ন গোত্রের মধ্যে চলমান বিবাদ মীমাংসা করা কিংবা নির্দিষ্ট পরিমাণ পণ্যের অতিরিক্ত উৎপাদন করে বেশি উপার্জন করার মতো কাজ করা যাবে। গেমটির আরেকটি মজার দিক হলো এর সময়ানুবর্তিতা। এক দিনে নির্দিষ্ট পরিমাণ পরিশ্রম করা যাবে, যদি কাজের পরিমাণ বেশি হয়ে যায় তবে সেদিন বিশ্রাম নিয়ে আবার শুরু করতে হবে পরদিন থেকে। শুধু তাই নয়, গেমের চরিত্রের কর্মদক্ষতা ও স্বাস্থ্যের আনুকূল্য অনুযায়ী দৈনিক কাজ করা যাবে। এর বেশি হয়ে গেলে অবশ্যই বিশ্রাম নিয়ে শক্তি সঞ্চয় করে নিতে হবে।
স্টারডিউ ভ্যালি গেমটির গ্রাফিকস দেখতে অনেকটা পুরোনো আমলের মনে হলেও এভাবেই তৈরি করা হয়েছে। সঙ্গে উপযুক্ত শব্দ মিলিয়ে খেলতে বেশ ভালোই লাগার কথা। গেমটি ইতিমধ্যে বিভিন্ন মহলে প্রশংসা লাভ করেছে। গেম রিভিউ ও রেটিং ওয়েবসাইট আইজিএন সস্টারডিউ ভ্যালিকে ১০-এ দিয়েছে ৮.৮, জনমতে এটি পেয়েছে ৮.৫। গেমটি এ বছরের ২৬ ফেব্রুয়ারি মাইক্রোসফট উইন্ডোজ চালিত কম্পিউটারে খেলার জন্য উন্মুক্ত করা হয়। দুই সপ্তাহের মধ্যেই ৪ লাখের বেশি বিক্রি হয়েছিল। বর্তমানে গেমটি একজনের খেলার জন্য হলেও এর জনপ্রিয়তার কথা মাথায় রেখে ফোর-প্লেয়ার কো-অপারেটিভ মুডে গেমটি প্রকাশ করার পরিকল্পনা আছে নির্মাতাদের।
যা যা লাগবে
প্রসেসর: ২ গিগাহার্টজ
র্যা ম: ২ গিগাবাইট
গ্রাফিকস মেমোরি: ২৫৬ মেগাবাইট
ডাইরেক্ট এক্স: ৯.০সি
অপারেটিং সিস্টেম: উইন্ডোজ ৭
হার্ডডিস্ক স্পেস: ৫০০ মেগাবাইট