কৃষি-বিষয়ক অ্যাপসের ধারণাপত্র নিয়ে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষির জন্য সহায়ক মোবাইল ফোনের অ্যাপলিকেশন্স (অ্যাপস) তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপস উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বাড়াতে চলছে কার্যক্রম। এর অংশহিসেবে গতকাল রোববার ঢাকায় খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় একটি কর্মশালা।

কর্মশালার সমন্বয়কারী কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ  বিভাগের প্রকল্প পরিচালক অনিল কুমার দাশ বলেন, ‘চাষাবাদ পূর্বপ্রস্তুতি, অন্তর্বর্তীকালীন চাষাবাদ, চাষাবাদ-পরবর্তী অবস্থা, ভূমি ও আবহাওয়া উপযোগী চাষাবাদের পদ্ধতি, বাজারজাতকরণ, সার প্রয়োগ, বীজসংক্রান্ত তথ্য ইত্যাদি বিষয়ের প্রতি লক্ষ রেখে অ্যাপসের ধারণাপত্র নির্বাচন করা হবে।’

এথিক্স অ্যাডভান্স টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান বলেন, ‘সাধারণ কৃষকদের কৃষিকাজ আরও সহজ করতে কৃষি-সংশ্লিষ্ট বিষয় নিয়ে শতাধিক অ্যাপস তৈরির পরিকল্পনা রয়েছে আমাদের। কৃষিবিষয়ক অ্যাপস তৈরির ধারণা উদ্ভাবন বিষয়ে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেন কৃষিবিষয়ক ১৩টি সরকারি প্রতিষ্ঠানের ৩০ জন কৃষি বিশেষজ্ঞ।’ প্রথমে তাঁদেরকে অ্যাপসের বিভিন্ন বিষয় সম্পর্কে জানানো হয়। তারপর তাঁরা প্রত্যেকেই একটি করে ধারণাপত্র তৈরি করেন। ধারণাপত্রগুলোর উপস্থাপনা শেষে চলে এসবের মানোন্নয়ন। অ্যাপসের ধারণাপত্রের কাঠামো তৈরিতে সহযোগিতা করেন ইএটিএলের অ্যাপস নির্মাতারা।

দিনের বিভিন্ন সময়ে কর্মশালা পরিদর্শনে আসেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মুকুল চন্দ্র রায়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দীনসহ অনেকে।

পরবর্তী সময়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ত হয়ে ভাতা, মৌলিক চাহিদা ইত্যাদি বিষয়ের ওপরে ধারণাপত্র সংগ্রহের জন্য আরও ১০টি ধারণা উদ্ভাবনী কর্মশালার আয়োজন করা হবে।

—মো. রাফাত জামিল