কৃষিকাজের জন্য ড্রোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রায়ান কান্ডি। পেশায় একজন কৃষক। যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোর সোনোমা ভ্যালিতে তাঁর পারিবারিক আঙুরখেতটি দেখতে ছবির মতোই নিখুঁত। আঙুরচাষি রায়ানের আরেক পরিচয়, তিনি ড্রোন (চালকবিহীন বিমান) পরিচালনা করেন। বিশাল আঙুরখেত রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে পর্যবেক্ষণের সার্বিক কাজ সারেন ড্রোন দিয়েই।
শুধু রায়ানই নন, তাঁর মতো অনেক মার্কিন কৃষকই এখন ড্রোন ব্যবহার করেন। একসময়ের অত্যাধুনিক সামরিক প্রযুক্তির ড্রোনের ব্যবহার এখন এভাবেই কৃষিকাজে ছড়িয়ে পড়েছে। খেতের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় ড্রোনের তোলা ছবি এবং এতে থাকা শনাক্তকরণ যন্ত্রে সংগৃহীত তথ্য থেকে ফসলের জন্য সিদ্ধান্ত নির্ভুলভাবে নেওয়া সম্ভব হচ্ছে।
আঙুরচাষি রায়ানসহ ক্রমবর্ধমান মার্কিন কৃষকের কাছে ‘ড্রোন’ মানে হলো ক্যামেরা ও অন্যান্য যন্ত্রসমৃদ্ধ স্বল্পমূল্যের এক উড়ুক্কু যান, যা দেখতে অনেকটা ছোট উড়োজাহাজের মতো। ছয় বা আট পাখার হেলিকপ্টার ড্রোনের সঙ্গেও তাঁরা পরিচিত। এসব ড্রোনে থাকে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) চালিত অটোপাইলট এবং সেই অটোপাইলট-নিয়ন্ত্রিত বিশেষ ক্যামেরা, যা ভূমির ছবি তুলতে সক্ষম। আর ভূমিতে থাকা সফটওয়্যার দিয়ে ড্রোনের তোলা ছবিগুলোতে প্রয়োজনীয় পরিবর্তন আনা যায়।
বেতার-তরঙ্গ নিয়ন্ত্রিত প্রথাগত একটি ড্রোনকে পরিচালনা করে থাকেন ভূমিতে থাকা একজন পাইলট। তবে আঙুরচাষি কান্ডির ড্রোনটি ভূমি থেকে আকাশে ওড়া থেকে শুরু করে আবার অবতরণ করা পর্যন্ত সব কাজই সারে অটোপাইলটের সাহায্যে। আর প্রয়োজনীয় ওড়ার পথ ঠিক করে দেয় ড্রোনে থাকা সফটওয়্যার। লক্ষ্য থাকে, যাতে সবচেয়ে কম উড়ে পুরো খেত পর্যবেক্ষণ করা যায়। একই সফটওয়্যার ক্যামেরার ছবি নিখুঁতভাবে তুলতেও কাজ করে থাকে, যেগুলো পরবর্তী সময়ে গবেষণায় ব্যবহৃত হয়।
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, ভূমি থেকে ১২০ মিটার উচ্চতা পর্যন্ত ড্রোন ওড়াতে বিশেষ অনুমতির প্রয়োজন হয় না। কৃষিকাজে ব্যবহৃত ড্রোনের সফটওয়্যারে এই নিয়ম অন্তর্ভুক্ত করা আছে। সফটওয়্যারটি খেতের ছবি তুলতে ড্রোনকে ভূমির মাত্র কয়েক মিটার ওপর পর্যন্ত নামিয়ে আনে, আবার সর্বোচ্চ ১২০ মিটার পর্যন্ত ওপরে উঠিয়ে নেয়।
ড্রোন ব্যবহার করে তিন ধরনের বিস্তারিত তথ্য পান কৃষকেরা। প্রথমত, আকাশ থেকে দেখার কারণে খেতের পানি সেচ থেকে শুরু করে মাটির গুণাগুণের মতো বিষয়গুলো বোঝা সহজ হয়। এমনকি কীটপতঙ্গ ছড়িয়ে পড়া বা ব্যাকটেরিয়ায় আক্রান্ত হওয়ার বিষয়টিও জানা যায়, যা খালি চোখে বুঝতে পারা যায় না। দ্বিতীয়ত, ড্রোনে থাকা ইনফ্রারেড ক্যামেরায় তোলা ছবি দেখে খেতের ফসলের প্রকৃত অবস্থা (যেমন কোন গাছটা স্বাস্থ্যবান, কোনটা দুর্দশাগ্রস্ত) বোঝা যায়, যা খালি চোখে দেখা অসম্ভব। তৃতীয়ত, ড্রোন ব্যবহার করে প্রতি ঘণ্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস অর্থাৎ যেকোনো সময়ে খেতের অবস্থা পর্যবেক্ষণ করা যায়।
যুক্তরাষ্ট্রের কৃষকেরা আগে খেত পর্যবেক্ষণে কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) থেকে তোলা ছবি ব্যবহার করতেন। এর চেয়ে ড্রোনে তোলা ছবি অনেক উন্নত। আর স্যাটেলাইট ছবির জন্য যেসব নিয়মের বেড়াজাল মানতে হতো, ড্রোন ব্যবহারে তা হয় না। আবার কদিন আগেও বিমান থেকে খেত পর্যবেক্ষণের কাজ করা হতো, যাতে খরচ পড়ত প্রতি ঘণ্টায় এক হাজার মার্কিন ডলার। এখন এক হাজার ডলার দিয়ে কৃষিকাজের জন্য একটি ড্রোনই কিনে ফেলা যায়।
ড্রোনের দাম কমে যাওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। বড় কারণ হলো, এতে ব্যবহৃত যন্ত্রাংশের সহজলভ্যতা ও নতুন প্রযুক্তির আবির্ভাব। বর্তমানে ছোট আকৃতির মাইক্রো ইলেকট্রো মেকানিক্যাল সিস্টেম (এমইএমএস) পাওয়া যায়। এতে একের ভেতরেই গতি পরিমাপক অ্যাক্সিলোমিটার, স্থিতিস্থাপক যন্ত্র জাইরোস, ম্যাগনেটোমিটার ও চাপ শনাক্তকরণ যন্ত্র পাওয়া যায়।
সূত্র: এমআইটি টেকনোলজি রিভিউ