
সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, পোষা কুকুরের মতোই ছাগল মানুষের সঙ্গী হওয়ার যোগ্যতা রাখে। এবং এই প্রাণীটি কুকুরের মতোই বুদ্ধিমান (সূত্র: প্রথম আলো, ২৩ মার্চ ২০১৭)। এই তথ্য প্রকাশ হওয়ার পর ছাগল সমাজের মধ্যে নেমে এসেছে আনন্দের বন্যা। ‘জাতে ওঠার’ এই উপলক্ষে তাদের কদরও গেছে বেড়ে। ফলে বিভিন্ন টক শোতে ইদানীং ছাগলদের নিয়ে শুরু হয়েছে কাড়াকাড়ি। গত সপ্তাহে রস+আলোও কচি কাঁঠাল পাতার লোভ দেখিয়ে ছাগল সমাজের একজন সম্মানিত নেতা জনাব ব্যাঁ ব্যাঁর মুখোমুখি হয়েছিল, জানতে চেয়েছিল তাদের একান্ত অনুভূতির কথা। বিস্তারিত জানাচ্ছেন আসফিদুল হক
রস+আলো: আপনাকে অভিনন্দন জানাই। এই মুহূর্তে আপনার অনুভূতি কী?
ব্যাঁ ব্যাঁ: এই মুহূর্তে আমার মাথায় শুধু একটা প্রশ্নই ঘুরছে, ছাগল আসলে কে? আপনারা নাকি আমরা?
রস+আলো: মানে!
ব্যাঁ ব্যাঁ: মানে বোঝেন নাই, না? আমি না বুঝলে তো এখনই বলতেন, ‘ব্যাটা ছাগল।’ যা হোক, আমি কিন্তু আপনাকে কিছু বললাম না। আচ্ছা শোনেন, আপনাকে মানে বুঝিয়ে বলছি। ছাগলের বুদ্ধি কুকুরের মতো—এই সামান্য ব্যাপারটা বুঝতেই আপনাদের হাজার হাজার বছর পার হয়ে গেল! অথচ বিষয়টা কিন্তু এমন না যে আপনারা গবেষণা করলেন, আর সঙ্গে সঙ্গে ছাগলদের বুদ্ধিমত্তা বেড়ে গেছে। সেটা আগে যেমন ছিল, এখনো তেমনই আছে। বরং দিন দিন আরও তীক্ষ্ণ হচ্ছে। কিন্তু মানুষ সেটা এত দিনেও বোঝেনি। বুঝতে না পেরে তারা আমাদের বানিয়েছে জোকার। প্লাস কিছু বেকুব মানুষদের সম্বোধন করে ‘ছাগল’ বলে, কখনো বা ‘রামছাগল’। এখন আপনিই বলেন, ছাগলটা আসলে কে? হু ইজ দ্য রিয়েল ছাগল?
রস+আলো: ইয়ে মানে...না মানে আপনার কথায় যুক্তি আছে। এখন বুঝতে পারছি, যুক্তিবিদ্যায় পড়াশোনা করলে আপনারাও বেশ শাইন করতেন। কিন্তু তারপরও, গবেষণাটা তো মানুষই করেছে, তাই না?
ব্যাঁ ব্যাঁ: রাখেন মিয়া আপনার গবেষণা। আপনাদের গবেষণা আর রাজনীতিবিদদের প্রতিশ্রুতি একই রকম, উল্টে যেতে সময় লাগে না। এই তো, কয়েক দিন আগে শুনলাম, একদল বিজ্ঞানী গবেষণা করে বের করেছেন, ডাইনোসরদের জন্মভূমি প্রাচীন মহাদেশ গান্ডোয়ানা এলাকায়। সে গবেষণা প্রকাশের কয়েক মাস না যেতেই আরেক দল উদ্ভাবন করলেন, ডাইনোসরদের আসল জন্মভূমি নাকি যুক্তরাজ্য! (প্রথম আলো, পৃষ্ঠা ৭, ২৪ মার্চ ২০১৭) এখন বুঝতে পারছেন, আপনাদের ‘গবেষণা’র দৌড়?
রস+আলো: জি জি, বুঝতে পারছি। এসব গবেষণা করে আসলে কী লাভ, সেটা নিয়েই একটা গবেষণা হতে পারে। তাহলে কি আপনারা এই গবেষণার ফলকে পুরোপুরি ভিত্তিহীন বলছেন?
ব্যাঁ ব্যাঁ: না, একে পুরোপুরি ভিত্তিহীন বলা যাবে না। তবে এই গবেষণায় ছাগলদের বুদ্ধিমত্তা সম্পর্কে সঠিক ধারণা দেওয়া হয়নি। আমি আশা করি, আপনারা আরও বেশি বেশি করে গবেষণা করুন, তাহলে একসময়ে হয়তো সঠিক তথ্য জানতে পারবেন।
রস+আলো: আরও তথ্য! ছাগলদের সম্পর্কে আরও কিছু জানার আছে নাকি?
ব্যাঁ ব্যাঁ: আছে নাকি নাই, সেটা জানার জন্য আগে আমার প্রশ্নের উত্তর দেন, তাহলেই বুঝতে পারবেন।
রস+আলো: কোন প্রশ্ন?
ব্যাঁ ব্যাঁ: ওই যে বললাম, হু ইজ দ্য রিয়েল ছাগল?
রস+আলো: ও আচ্ছা! ঠিক আছে জনাব ব্যাঁ ব্যাঁ, আজকে তাহলে আসি। আপনাকে অনেক ধন্যবাদ।
ব্যাঁ ব্যাঁ: এত তাড়াতাড়ি চলে যাবেন! আপনার নাকি আরও প্রশ্ন বাকি ছিল!
রস+আলো: সেটা আরেক দিন হবে। আজকে বরং যাই, একটা দাওয়াতে অ্যাটেন্ড করতে হবে। দাওয়াতে খাসির রেজালার ব্যবস্থা আছে। আমার হেভি ফেবারিট। আহা, কত দিন কবজি ডুবিয়ে খাসির রেজালা খাই না!
ব্যাঁ ব্যাঁ: খাসির রেজালা! বাহ বাহ, বেশ বেশ। তা, খাসির ঢুঁশ খেয়েছেন কখনো?
রস+আলো: জি না, তবে সুযোগ পেলে চেখে দেখার...
(জনাব ব্যাঁ ব্যাঁর সঙ্গে রস+আলোর সাক্ষাৎকারের এই অংশটুকুই উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি অংশ এবং রস+আলোর নিজস্ব প্রতিবেদক কাউকেই এখনো পর্যন্ত পাওয়া যায়নি।)