কে নারী কে পুরুষ তা নয়, কাজ পারাটাই মুখ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্তমান সময়ে কে নারী কে পুরুষ এটি নয়, বরং কাজটি আপনি কেমন পারেন সেটি মুখ্য।’ তথ্যপ্রযুক্তিতে মেয়েদের উদ্বুদ্ধ করতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এ কথা বলেন সফটওয়্যার প্রতিষ্ঠান টাইগার আইটির ব্যবসা-বিশ্লেষক নাবিলা নুর। তিনি আরও যোগ করেন, তথ্যপ্রযুক্তিতে কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের কাজ করার সুযোগ বেশি। সে জন্য নিজেকে যোগ্য করে তুলতে হবে।

উইমেন টেকমেকার্স বাংলাদেশ এই আলোচনা সভার আয়োজন করে। এতে দেশের কয়েকজন নারী তথ্যপ্রযুক্তিবিদ নিজেদের কর্মজীবন ও কীভাবে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন। সভায় স্যামসাং গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউট বাংলাদেশের জ্যেষ্ঠ সফটওয়্যার প্রকৌশলী সৈয়দা ফারজানা আক্তার ‘ওয়ে অব সফটওয়্যার ইঞ্জিনিয়ার’ শিরোনামের উপস্থাপনা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি বিভিন্ন শিক্ষণীয় প্রকল্পে কাজ করা উচিত। তাহলে এ ধরনের কর্মক্ষেত্রে সহজে প্রবেশ করা যাবে।’
আয়োজন সম্পর্কে উইমেন টেকমেকার্স বাংলাদেশের লিড ফারাহ নাযীফা প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তির কাজে নারী শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে এ আয়োজন করা হয়েছে।
এতে আরও বক্তব্য দেন এজিডি আইটি সলিউশন বাংলাদেশের সফটওয়্যার প্রকৌশলী সুমনা চৌধুরী, ভার্সে ইনোভেশনের কর্মকর্তা শাহানা শারমিন ও সিউর সেলের চিকিৎসক তৌহিদা রহমান।
উইমেন টেকমেকার্স বাংলাদেশের পক্ষ থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রাখায় প্রত্যেক বক্তাকে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগ। গোটা মার্চ মাসজুড়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা আছে উইমেন টেকমেকার্স বাংলাদেশের।