কে হচ্ছেন মাইক্রোসফটের প্রধান?

শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট করপোরেশনে আসছে বড় ধরনের রদবদল। প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদ চেয়ারম্যানসহ প্রধান নির্বাহী পদেও আসতে পারে পরিবর্তন। চেয়ারম্যান পদ থেকে প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসকেও সরিয়ে দেওয়া হতে পারে। এ ছাড়া স্টিভ বালমারের জায়গায়ও আসছেন নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা। নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে, বিল গেটসের জায়গায় আসতে পারেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের (আইবিএম) সাবেক ভাইস প্রেসিডেন্ট ও সাইমানটেক করপোরেশনের সাবেক প্রধান নির্বাহী জন থম্পসন। আর বর্তমান চেয়ারম্যান বিল গেটসকে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে রাখা হতে পারে।
নতুন প্রধান নির্বাহী হিসেবে আসতে পারেন মাইক্রোসফটের ক্লাউড বিভাগের দায়িত্বে থাকা সত্য নাদেল। এর আগে তিনি মাইক্রোসফটের ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। আগামী পরিচালনা পর্ষদ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যেতে পারে বলেও জানা গেছে। সত্য নাদাল নিয়োগ পেলে মাইক্রোসফটের ৩৮ বছরের ইতিহাসে তিনি হবেন তৃতীয় প্রধান নির্বাহী কর্মকর্তা। তবে এ পদের জন্য আরও দুটি নামও প্রস্তাবে রয়েছে। একজন হলেন নকিয়া থেকে মাইক্রোসফটে যোগ দেওয়া স্টিফেন ইলোপ ও মাইক্রোসফটের কর্মকর্তা টনি বেটস। তবে পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে পরিচালনা পর্ষদের আগামী বৈঠকে।—ব্লুমবার্গ ও ভার্জ