কেক, আইসক্রিম... আর আরিশার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলছে আরিশার কেক তৈরির মহাযজ্ঞ! l ছবি: কবীর শাহরীয়ার
চলছে আরিশার কেক তৈরির মহাযজ্ঞ! l ছবি: কবীর শাহরীয়ার

তৈরি হয়ে গেছে ‘চকলেট ব্রাউনি ফাজ’! আরিশা তখন কেকটার শেষ মুহূর্তের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। কেকের গায়ে চকলেট সিরাপ ছড়িয়ে দিতে দিতে সে কী বলছিল, সেসব কথা আমাদের মনে নেই। মনোযোগ যদি থাকে লোভনীয় কেকটার দিকে, কথা কি আর কানে ঢোকে বলো!
ওহ্ হো, আরিশার সঙ্গে তো তোমাদের পরিচয় করিয়ে দিইনি। রেডিও স্বাধীনে শুক্রবার সকাল ১০টায় প্রচারিত ‘ছানাপোনা’ অনুষ্ঠানটি যারা শুনেছ, তারা অবশ্য আরিশাকে ‘আর জে আরিশা’ নামে চেনো। যারা চেনো না, তাদের বলি। সানবিমস স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে আরিশা তাহ্নী। বাবা মীর নওবত আলী আর মা নাফিসা তাসনীমের বড় মেয়ে সে। থাকে উত্তরায়। আরিশা নাকি কেক, পেস্ট্রি, আইসক্রিমের মতো মজার সব খাবার বানাতে পারে—খবর পেয়ে আমরা গিয়েছিলাম ওর সঙ্গে দেখা করতে।

.
.

‘খুব ছোটবেলা থেকেই মা কেক বানানোর সময় ডিম ফেটার কাজটা আমাকে দিত। আমিও খুব আগ্রহ নিয়ে করতাম। এভাবেই শুরু। আস্তে আস্তে অনেক কিছু বানানো শিখে গেলাম। তখন মা একটু-আকটু সাহায্য করত। এখন আমি একাই পারি।’ বলছিল আমাদের কিশোরী শেফ। তা কী কী বানাতে পারে সে? প্রশ্নটা আরিশাকে না করে ওর বন্ধুদেরও করতে পারো। সুযোগ পেলেই বন্ধুরা দলেবলে ওদের বাসায় হানা দেয়। আরিশাও কেক, আইসক্রিম, পাস্তা, লাজানিয়ার মতো মজার সব খাবার বানিয়ে বন্ধুদের খাওয়ায়। শুধু এসবই নয়, পোলাও-গরুর মাংসের মতো ‘বড় রান্নাও’ করতে পারে আমাদের ‘ছোট বাবুর্চি’!
এখন একদম পাকা শেফ হলেও, শুরুর দিকে রান্নাবান্না করতে গিয়ে মাঝেমধ্যে ভজঘট হয়ে যেত। কখনো ময়দার ডিব্বা উল্টে পড়ে যেত, কখনোবা টেবিল থেকে গড়িয়ে পড়ে ভেঙে যেত ডিম! আরেকবার ব্রাউনি বানাতে গিয়ে তো এক কাণ্ডই হলো। ‘মুখে দিয়ে মনে হচ্ছিল কাঁচা আলু দিয়ে তৈরি! পরে অবশ্য আমি নিজেই এটা-ওটা মিশিয়ে ব্রাউনিটাকে খাওয়ার উপযোগী করেছি।’ রান্নাঘরটাকে এভাবেই পরীক্ষাগার বানিয়ে ফেলে আরিশা। আর এসব প্রয়োগ করে ছোট ভাই জুনায়েদের ওপর। আপুর তৈরি নিত্যনতুন সব খাবার মুখে দিয়ে জুনায়েদও মন্তব্য করে বিজ্ঞ বিচারকের মতো!
আরিশার ‘আবিষ্কার’গুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘এক মিনিটের কেক’। উপাদানগুলো মিশিয়ে ওভেনে দেওয়ার পর কেকটা তৈরি হতে নাকি মাত্র এক মিনিট সময় লাগে। রেসিপিটা না-হয় আমরা আরেক দিন শিখে নেব। আগে জানতে চাই, রান্নাবান্নায় কারা তার শিক্ষক। জবাব মিললো—‘মা, বাবা, দাদি আর ইউটিউব!’ আরিশার এই দাদি কিন্তু তোমাদেরও পরিচিত। তিনি সিদ্দিকা কবীর! হ্যঁা, টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে যিনি মজার সব রান্না শেখাতেন, তাঁর কথাই বলছি। ‘তখন আমি আরও ছোট ছিলাম, দাদি আমাকে খুব উৎসাহ দিতেন। বলতেন, যখন আমি আমাদের বাসার ডাইনিং টেবিলটার চেয়েও লম্বা হয়ে যাব, তখন আমাকে তাঁর অনুষ্ঠানে নিয়ে যাবেন। আমি প্রতিদিন মেপে দেখতাম, ডাইনিং টেবিলের চেয়ে লম্বা হতে আর কতটুকু বাকি। এখন আমি কত বড় হয়ে গেছি, অথচ দাদি নেই।’ বলতে গিয়ে আরিশার মন খারাপ হয়ে গেল।
শুধু রান্নাই নয়, আবৃত্তি, ছবি আঁকা এমনকি টুকটাক কারাতেও জানে আমাদের খুদে ‘মাস্টার শেফ’। জানতে চাই তার ভবিষ্যৎ ভাবনা। ‘বড় হয়ে আমি একটা খাবারের গাড়ি করতে চাই। নাম হবে “চকলেট সুইটস”। সেখানে মিল্ক শেক, বিভিন্ন ডেজার্টসহ নানা রকম খাবার পাওয়া যাবে।’ এসব গল্প করতে করতেই আমরা আরিশার তৈরি কেকে কামড় বসাই। ‘উমমম্...!’