কেন পদত্যাগ করলেন উবার প্রধান?

চাকরির প্রথম দিনে অফিসে আসা এক তরুণীকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন উবারের এক কর্মকর্তা। উবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ ঘটনার সুবিচার করেননি। এরপর থেকেই টালমাটাল অ্যাপভিত্তিক ট্যাক্সিসেবা নেটওয়ার্ক উবার। শেষ পর্যন্ত পদত্যাগ করতে হয়েছে উবারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ট্রাভিস কালানিককে। আজ বুধবার কালানিক পদত্যাগের ঘোষণা দেন। যে প্রতিষ্ঠানকে তিনি তিলে তিলে কষ্ট করে গড়েছেন, বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানে রূপ দিয়েছেন, কেন সেখান থেকে পদত্যাগ করলেন?
মার্কিন গণমাধ্যমে বলা হচ্ছে, শেয়ারহোল্ডার বা বিনিয়োগকারীদের চাপের মুখে ট্রাভিস পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
তাঁর পদত্যাগের কারণ খুঁজতে একটু পেছনে ফিরতে হবে। গত সপ্তাহের কথা। ট্রাভিস বলেছিলেন, তিনি অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাচ্ছেন। নৌ দুর্ঘটনায় মায়ের মৃত্যুর পর তিনি ওই ছুটিতে যেতে চেয়েছিলেন।
কিন্তু ৬ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের ওই প্রতিষ্ঠানটির নেতৃত্ব পরিবর্তনের একটা চাপ বেশ কিছুদিন ধরেই ছিল। বিনিয়োগকারীদের ওই চাপ এড়িয়ে তাঁর অনির্দিষ্টকালের ছুটি নেওয়ার বিষয়টি আরও বড় সমস্যা হিসেবে দেখা দেয়।
গত মঙ্গলবার কালানিক বলেন, ‘দুনিয়ার যেকোনো কিছুর চেয়ে উবারকে আমি বেশি ভালোবাসি। আমার ব্যক্তিগত জীবনের কঠিন সময়ে আমি বিনিয়োগকারীদের অনুরোধ গ্রহণ করে সরে দাঁড়াচ্ছি, যাতে উবার আরেক লড়াইয়ে লক্ষ্যচ্যুত না হয়ে পেছনে ফিরে গঠিত হতে পারে।’ উবারের এক মুখপাত্র তাঁর এ উদ্ধৃতির কথা জানিয়েছেন।
বেশ কিছুদিন ধরে অস্থিরতার মধ্যে থাকা উবার থেকে ট্রাভিস কালানিকের সরে দাঁড়ানোর তথ্য প্রথম প্রকাশ করে নিউইয়র্ক টাইমস। সম্প্রতি কয়েক মাসে উবারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বহিষ্কার, জনসংযোগ সমস্যায় ভুগতে হয়েছে প্রতিষ্ঠানটিকে।
যুক্তরাষ্ট্রের সাবেক অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডারকে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়োগ দিতে হয়েছে প্রতিষ্ঠানটিকে। তাঁদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগসংক্রান্ত প্রতিবেদনে গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে। গত সপ্তাহে হোল্ডার যে পরামর্শ দিয়েছেন, তাতে কালানিকের দায়িত্ব পুনর্বণ্টনের কথা বলা হয়েছে। এ ছাড়া বোর্ডের বর্ধিত তত্ত্বাবধান ও বোর্ডের স্বাধীনতা বাড়ানোর কথা বলা হয়।
বিশ্লেষকেরা বলছেন, কালানিক সরে দাঁড়ানোর ফলে উবারে নেতৃত্ব-সংকট বাড়বে। প্রতিষ্ঠানটিতে ১৪ হাজার কর্মী এবং ১০ লাখের বেশি চালক আছেন।
পরিচালন, আর্থিক, বিপণন ও ব্যবসা বিভাগে শীর্ষ নির্বাহীদের সংকট আছে উবারে। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্লেষক জেমস চ্যাকম্যাক বলেন, উবারে শীর্ষ পর্যায়ে তেমন কোনো নির্বাহী নেই।
এ বছরের শুরুতে উবারের প্রধান নির্বাহী কালানিক বলেছিলেন তাঁর বেড়ে ওঠার সময়।
২০০৯ সালে কালানিকের হাত ধরে উবার যাত্রা শুরু করে। বিশ্বের সবচেয়ে মূল্যবান উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রতিদ্বন্দ্বীদের যেমন দুমড়ে-মুচড়ে দিয়েছে, তেমনি অনেক দেশের নিয়মনীতির তোয়াক্কাও করেনি। অনেক দেশের সরকার, শ্রমিক সংগঠন, এমনকি নিজেদের চালকদের সঙ্গেও ঝামেলায় জড়িয়ে পড়েছে।
অবশ্য উবারের ব্যবসার মডেল সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এশিয়া, ইউরোপ, লাতিন আমেরিকার যোগাযোগ খাতকে ব্যাপকভাবে নাড়িয়ে দিয়েছে উবার।
যেকোনো মূল্যে নিজের কোম্পানি উবারকে এগিয়ে নিতে আগ্রাসী এক নেতৃত্বের ছবি গড়ে তুলেছেন কালানিক। তাঁর সেই ভাবমূর্তিই উবারের কঠিন সময়ে বোঝা হয়ে দাঁড়িয়েছে। ২০১৬ সালের জুলাই মাসে নিজের নেতিবাচক ভাবমূর্তি সম্পর্কে ট্রাভিস কালানিক বলেছিলেন, ‘এটা আমার জন্য বা উবারের জন্য ভালো নয়। আমি যাদের সম্পর্কে কথা বলছি, সেই মানুষগুলোর জন্য ভালো নয়। এটা সবার জন্য খারাপ। এ বছরের ফেব্রুয়ারিতে এক ভিডিওতে উবারের এক চালকের সঙ্গে অহেতুক তর্ক করতে দেখা যায় তাঁকে। এর পরপরই ট্রাভিস বলেছিলেন, তাঁর বেড়ে ওঠা দরকার।
উবার থেকে তাঁর সরে দাঁড়ানোর ঘটনার শুরুটা বলা যায় গত বছরের ফেব্রুয়ারি মাসের এক ব্লগ পোস্টের সূত্র ধরে। উবারের সাবেক প্রকৌশলী সুজান ফ্লাওয়ার তিন হাজার শব্দের এক ব্লগ পোস্ট লেখেন। তাতে তিনি উবারে যৌন নিপীড়ন, বৈষম্যসহ নানা অভিযোগের কথা তুলে ধরেন। তিনি অভিযোগ তোলেন, প্রোগ্রামার ও প্রকৌশলী হিসেবে যোগ দিয়ে চাকরির প্রথম দিনেই বাজে অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। তাঁর ব্যবস্থাপক প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ চ্যাট সিস্টেমেই তাঁকে প্রস্তাব দিয়ে বসেন। যখন তিনি এ বিষয়টি কর্তৃপক্ষকে জানান, তাঁর অভিযোগ আমলে নেওয়া হয়নি।
সুজান লেখেন, তাঁর অভিযোগ সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানায়, ওই ব্যবস্থাপকের পারফরম্যান্স ভালো। তাঁকে শাস্তি দিতে স্বস্তিবোধ করেন না তাঁরা। কারণ, এটা নেহাত একটি নিষ্পাপ ভুল। এরপর থেকে উবারে তাঁর পদোন্নতির পথ বন্ধ হয়ে যায়। তাঁকে চাকরি ছাড়তে হয়।
তাঁর ওই পোস্ট ছড়িয়ে পড়ে এবং হ্যাশট্যাগ ‘ডিলিট উবার’ জনপ্রিয় হয়ে যায়। এতে দুই লাখ উবার অ্যাকাউন্ট মুছে ফেলেন ব্যবহারকারীরা। এতে পুরো বিষয়টি গভীর তদন্ত করার ঘোষণা দেয় উবার। কালানিক দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানান। তিনি বলেন, এখানে যা বলা হয়েছে, তা আমরা যা বিশ্বাস করি, তার সঙ্গে যায় না। যাঁরা এটা ঠিক মনে করেছেন এবং এমন আচরণ করেছেন, সবাইকে বরখাস্ত করা হবে। মানবসম্পদ বিভাগকে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কিন্তু এখানেই উবার নাটকের শেষ নয়। ওই ব্লগ পোস্টটি ছিল উবার বিতর্কের শুরু মাত্র। এরপরই উবারের চালকদের সঙ্গে বিতর্কে জড়ান কালানিক।

তবে উবারের জন্য বড় ধাক্কা এসেছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের কাছ থেকে। প্রতিষ্ঠানটির গাড়ি নির্মাতা ইউনিট ওয়েমো উবারের বিরুদ্ধে স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তি চুরির মামলা করে। গ্রেবল নামের একটি ফিচার চালুর পর উবারের বিরুদ্ধে মামলা করে। গুগল থেকে উবারে যোগ দেওয়া স্বয়ংক্রিয় গাড়ি বিভাগের প্রধান কর্মকর্তা অ্যান্থনি লেভানডস্কিকে বরখাস্ত করেন ট্রাভিস কালানিক। অথচ শুরুতে লেভানডস্কি সম্পর্কে বলেছিলেন, ‘আমার মনে হয়, লেভানডস্কি আমার আরেক মায়ের পেটের ভাই।’ উবারকে ওয়েমোর মামলা থেকে বাঁচাতে এটাই ছিল শেষ উপায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টার পদ নিয়েও বিতর্কে জড়ান ট্রাভিস। শেষ পর্যন্ত তিনি সে পদ থেকে সরে দাঁড়ান। সাধারণ মানুষের সমালোচনার হাত থেকে প্রতিষ্ঠানকে বাঁচতে তিনি ট্রাম্পের উপদেষ্টা ফোরাম থেকে পদত্যাগ করেন।
এ বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে উবার থেকে কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা সরে দাঁড়ান। এর মধ্যে ছিলেন উবারের প্রেসিডেন্ট জেফ জোন্স। নেতৃত্বের মধ্যে বিশ্বাস ও পদ্ধতির পার্থক্যের কারণে তিনি পদ ছাড়েন। এ ছাড়া জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট অমিত সিংঘালকেও যৌন নিপীড়নের তথ্য প্রকাশ না করায় পদ ছাড়তে হয়। আচরণগত সমস্যার কারণে মার্চ মাসে পদ ছাড়েন পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট এড বেকার। এবার উবার থেকে চলে গেলেন কালানিক।
উবার বোর্ড বলছে, উবারে ট্রাভিসের দায়িত্ব পুনর্বিবেচনা করা হবে এবং কিছু ক্ষেত্রে তাঁকে দায়িত্ব দেওয়া হবে। উবারের জন্য প্রধান পরিচালন কর্মকর্তার খোঁজ চলবে।
সিএনএন, এবিসি ডটনেট ও দ্য ভার্জ অবলম্বনে মো. মিন্টু হোসেন