কেন বারবার একই টি-শার্ট পরেন জাকারবার্গ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের কী টাকা-পয়সার এতই অভাব যে তিনি ধূসর রঙের একই টি-শার্ট বারবার পরেন? নাকি তিনি অত্যধিক কৃপণ? বড় কোনো অনুষ্ঠান হোক কিংবা কোনো সভায় জাকারবার্গকে রোজ রোজ একই পোশাক পরতে দেখে ফেসবুক ব্যবহারকারীদের মনে এ প্রশ্ন জাগাই স্বাভাবিক। কিন্তু এ প্রশ্ন যদি জাকারবার্গকে করা হয়?
৬ নভেম্বর মার্ক জাকারবার্গ ফেসবুক ব্যবহারকারীদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেখানেই তাঁকে একজন ফেসবুক ব্যবহারকারী এই প্রশ্ন করে মজার কোনো উত্তরের অপেক্ষা করছিলেন হয়তো। কিন্তু জাকারবার্গ বেশ ‘সিরিয়াস’ ভঙ্গিতে এই প্রশ্নের জবাব দিয়ে বলেছেন, তিনি পোশাক-পরিচ্ছদ নিয়ে ভাবনাচিন্তার সময় বের করেন না। আসলে এই সময়টা তিনি মানুষের সেবাতেই কাটাতে চান। ফেসবুক ব্যবহারকারীদের সেবা করার জন্যই তিনি পোশাক-পরিচ্ছদ নিয়ে চিন্তাভাবনার পরিবর্তে বা সময় নষ্ট করার পরিবর্তে এই সাধারণ পোশাক পরেন।
জাকারবার্গ বলেন, কী পরব, কী খাব—এ ভাবনাগুলো করতে গেলেও শক্তি ক্ষয় হয় এবং সময় নষ্ট হয়, তিনি এ সময় অপচয় করতে চান না। এর পরিবর্তে তিনি অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যস্ত থাকেন।

জাকারবার্গ আরও বলেন, ‘আমি সৌভাগ্যবান হিসেবে এ পদে রয়েছি যেখানে প্রতিদিন সকালে উঠে কোটি কোটি মানুষকে সেবা করতে হয়। তাই আমি মনে করি—আমি শুধু আমার কাজই করছি না। যদি আমি আমার ব্যক্তিগত পছন্দ-অপছন্দের মতো অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সময় নষ্ট করতে ব্যস্ত থাকি তাহলে ঠিকভাবে আমার কাজই করা হবে না।’ এ প্রসঙ্গে তিনি প্রভাবশালী কয়েকজন ব্যক্তির নাম বলেন। যাঁদের মধ্যে অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবসও রয়েছেন। প্রসঙ্গত, ওয়াল্টার আইজ্যাকসন স্টিভ জবসের বায়োগ্রাফিতে লিখেছেন, জবস শুধু নিজেই তাঁর আইকনিক পোশাক পরতেন তা-ই নয়, তিনি চাইতেন অ্যাপলের সব কর্মীও তাঁকেই অনুসরণ করুক।
ফেসবুক ব্যবহারকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি ‘দ্য সোশ্যাল নেটওয়ার্ক’ ছবিতে তাঁকে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে সেটাকে স্রেফ কাল্পনিক বলেই মন্তব্য করেছেন।