
‘শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন’ প্রকল্পের অধীনে দুই হাজার কম্পিউটার ল্যাবের জন্য আসবাব নির্মাতা চারটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এই চুক্তি অনুযায়ী আসবাব প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাভানা, আকতার, হাতিল ও পারটেক্সের কাছ থেকে ৩৪ হাজার চেয়ার ১৮ হাজার টেবিল কেনা হবে।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আসবাব কিনতে ২৬ কোটি টাকা ব্যয় করছে মন্ত্রণালয়। আগামী চার মাসের মধ্যে আসবাব নির্মাতা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট ল্যাবে এগুলো সরবরাহ করবে।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ আজ সকালে তাঁর দপ্তরে চারটি আসবাব নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরের পর মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জুনাইদ আহমেদ বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্প’ বাস্তবায়নে কাজ করছি। আজকের এই চুক্তির মাধ্যমে আমরা এই প্রকল্পের যাত্রা করলাম। আগামী বছরের জুন মাসের মধ্যে দুই হাজার কম্পিউটার ল্যাব ও প্রতি জেলায় ১টি করে মোট ৬৪টি ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন করা হবে।’
তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিভাগে ৫৪৩টি, চট্টগ্রাম বিভাগে ৩৮৭টি, সিলেট বিভাগে ১৪৬টি, খুলনা বিভাগে ২২৮টি, বরিশাল বিভাগে ১৮৩টি, রাজশাহী বিভাগে ২৯৫টি ও রংপুর বিভাগে ২১৮টি প্রতিষ্ঠানে এ আসবাবগুলো দেওয়া হবে।