
কেনাকাটার জন্য ঢুকলেন সুপার মলে কিংবা কোনো দোকানে। কেনাকাটা শেষে বাসায় ফিরে পণ্যটির মোড়ক দেখে আপনি পুরোই বোকা বনে গেলেন। যে পণ্যটি উপযুক্ত দাম দিয়ে কিনে এনেছেন, তার গায়ে দেখতে পেলেন এর মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। পণ্যটি কেনার সময় যে রসিদ দিয়েছে, সেটিও সংরক্ষণ করেননি। আপনি ছুটে গিয়ে দোকান কর্তৃপক্ষকে দেখালেন, যে পণ্যটি কিনে নিয়ে গেছেন সেটি মেয়াদোত্তীর্ণ। কিন্তু দোকান কর্তৃপক্ষ তো আপনার পণ্যটি ফেরত নিতে চাইছে না। শুধু তা-ই নয়, অস্বীকার করছে যে এই মেয়াদোত্তীর্ণ পণ্য তারা বিক্রি করেনি। ততক্ষণে বুঝে গেলেন যে আপনি প্রতারিত হয়েছেন। কিন্তু আপনি হয়তো জানেন না ভোক্তা হিসেবে আপনার কিছু অধিকার রয়েছে এবং এর প্রতিকারও পেতে পারেন প্রচলিত আইনে।
যে কারণে আপনি প্রতিকার পেতে পারেন
বিক্রেতা পণ্যের মোড়ক ব্যবহার না করলে, মূল্যতালিকা প্রদর্শন না করলে, বেশি দামে পণ্য বিক্রি করলে, ভেজাল পণ্য বিক্রি করলে, খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করলে, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করলে, মিথ্যা বিজ্ঞাপণ দ্বারা প্রতারণা করলে, প্রতিশ্রুত পণ্য সরবরাহ না করা, ওজনে ও পরিমাপে কারচুপি, দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজ-ফিতায় কারচুপি, নকল পণ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি প্রভৃতি কারণে আপনি বিক্রেতার বিরুদ্ধে আইনি প্রতিকার চাইতে পারেন।
যা করতে হবে
মনে রাখতে হবে, আইনি প্রতিকার চাইতে হলে আপনাকে উপযুক্ত প্রমাণ দিতে হবে যে পণ্যটি অভিযুক্তের দোকান থেকে কিনেছেন। তাই যে পণ্যই কিনুন না কেন, সব ক্ষেত্রেই দোকানদার বা কর্তৃপক্ষের কাছ থেকে বিক্রির রসিদ নিয়ে রাখবেন। এটি সংরক্ষণ করবেন। পণ্য কেনার সময় বিশেষ করে নামীদামি ব্র্যান্ডের কোনো পণ্য কেনার সময় পণ্যটির ট্রেডমার্ক সম্পর্কে খেয়াল রাখতে হবে। পণ্যটির নামের ওপরে ছোট করে ইংরেজিতে টিএম (TM) বা আর (R) প্রতীক আছে কি না খেয়াল করুন।
পণ্যটি বিদেশি হলে এর আমদানিকারক কে এবং মূল্যমান সঠিক আছে কি না তা খেয়াল করুন। পণ্যটির উৎপাদন তারিখ এবং মেয়াদের তারিখ যাচাই করে নিন। পণ্যটি বিএসটিআই কর্তৃক অনুমোদিত কি না তা যাচাই করুন। ভোজ্যতেল কেনার সময় এর মোড়কে ভিটামিন এ সমৃদ্ধ লেখাটি আছে কি না এবং ‘সঠিক পুষ্টি সুস্থ জীবন’ এই কথাসমৃদ্ধ নির্দিষ্ট প্রতীক আছে কি না লক্ষ করুন। বর্তমানে ভোজ্যতেলের মোড়কে ভিটামিন এ সমৃদ্ধ এবং ‘সঠিক পুষ্টি সুস্থ জীবন’ এই কথাসমৃদ্ধ নির্দিষ্ট প্রতীক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। মনে রাখবেন, যেকোনো সেবা এবং পণ্য সম্পর্কে তথ্য জানার অধিকার আপনার রয়েছে।
কীভাবে প্রতিকার চাইবেন
ভোক্তার অধিকার রক্ষার জন্য আইন অনুযায়ী রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যদি কোনো কারণে পণ্য কিনে প্রতারিত হন, তাহলে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক কিংবা অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করতে পারেন। অধিদপ্তরটি ঢাকার কারওয়ান বাজারের টিসিবি ভবনে অবস্থিত। আপনি যেদিন প্রতারিত হলেন, সেদিন থেকে ৩০ দিনের মধ্যে অধিদপ্তরে আবেদন করতে হবে। আবেদনে আপনার নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, ফোন নম্বর, ফ্যাক্স ও ই-মেইল (যদি থাকে) উল্লেখ করতে হবে। ৩০ দিনের মধ্যে আবেদন না করলে অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
আপনার অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষ শুধু ভোক্তা অধিদপ্তর মামলা করতে পারবে। ঢাকা জেলার বাইরে এবং যেসব জেলায় অধিদপ্তরের শাখা নেই, সেই সব জেলায় জেলা ম্যাজিস্ট্রেটের বরাবর আবেদন করতে হবে। আপনার ক্ষতি যদি আর্থিক মূল্যে নিরূপণযোগ্য হয়, তবে ক্ষতিপূরণ দাবি করে যুগ্ম জেলা জজ আদালতে মামলা করতে পারবেন। আদালত ক্ষতিপূরণ প্রদান ছাড়াও পণ্যের প্রতিস্থাপন বা ফেরত দিয়ে পণ্যের দাম ফেরত দেওয়ার নির্দেশ দিতে পারেন। এ ছাড়া অভিযোগ করার পর তদন্তে অভিযোগটি প্রমাণিত হলে জরিমানা হিসেবে যে টাকা আদায় করা হবে তার ২৫ শতাংশ টাকা আপনি পাবেন। এসব অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড এবং অনধিক দুই লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
লেখক: আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট