কেনাকাটায় মা বাবার ওপরই ভরসা রাখুন

কেনাকাটার সময় মা-বাবাকে সঙ্গে নিন। তাঁদের মতো বয়স্ক ও প্রবীণ ব্যক্তিদের অভিজ্ঞতা এ ক্ষেত্রে কাজে লাগে। কারণ, তাঁরা বাজারের বিভিন্ন পণ্যের গুণগত পার্থক্য ধরতে পারেন। কেনেনও সেরাটা। নতুন একটি জরিপে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ডিউক বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা জরিপ চালিয়ে দেখেছেন, কেনাকাটা করতে গিয়ে বয়স্ক ব্যক্তিরা মাথা খাটান। তাঁরা বুদ্ধির জোরে সেরা পণ্যটাই বাছাই করেন।
এ গবেষণা প্রতিবেদন জার্নাল অব নিউরোসায়েন্স সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষক দলের প্রধান নিকোল লাইটহল বলছেন, প্রবীণ বা বয়স্ক ব্যক্তিদের স্মৃতিশক্তি ততটা ভালো না হলেও তাঁরা মস্তিষ্কের অন্যান্য অংশ কাজে লাগানোর ক্ষেত্রে এগিয়ে থাকেন।
জরিপে ২০ জন অপ্রাপ্তবয়স্ক ও ২২ জন বেশি বয়স্ক ব্যক্তির অনলাইনে কেনাকাটার তথ্য-উপাত্ত নেওয়া হয়। প্রবীণ ব্যক্তিরা কেনাকাটা করার সময় তাঁদের মস্তিষ্কের স্ক্যান করেন গবেষকেরা। এ সময় দেখা যায়, তাঁরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রতিটি পণ্যের দাম বিবেচনায় নিচ্ছেন। শেষ পর্যন্ত তাঁরা মান ও দামের বিবেচনায় সেরাটাই পছন্দ করছেন। আর প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক—দুই শ্রেণিই সমান গতিতে পণ্য কেনার সিদ্ধান্ত নেন।
জরিপে দেখা যায়, প্রবীণ ব্যক্তিরা মস্তিষ্কের স্বাভাবিক ক্রিয়ার বাইরেও মস্তিষ্কের বিশেষ একটি অংশকে কাজে লাগান। এটি ভেনট্রোমিডিয়াল প্রিফ্রন্টাল কর্টেক্স (ভিএমপিএফসি) নামে পরিচিত। ঝুঁকিপূর্ণ হিসাব-নিকাশের প্রক্রিয়ায় এই ভিএমপিএফসির ভূমিকা গুরুত্বপূর্ণ। যাঁদের ভিএমপিএফসি বেশি সক্রিয়, তাঁরাই কাজের ক্ষেত্রে ভালো করে থাকেন। সূত্র: খালিজ টাইমস।