কেনাবেচার নতুন ওয়েবসাইট চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নবায়নের ছোঁয়ায়’ স্লোগানে আনুষ্ঠানিকভাবে চালু হলো নতুন ই-কমার্স সাইট পুনঃ (www.punoh.com)। যেখানে পুরোনো পোশাকসহ বিভিন্ন সামগ্রী বেচাকেনা করা যাবে সহজে ঘরে বসেই। গত শুক্রবার ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ সাইটের উদ্বোধন করা হয়। নিজেদের বাড়িতে এমন অনেক পোশাক বা পণ্য থাকে যা বারবার ব্যবহার করতে ভালো লাগে না। তাঁরা চাইলেই এখানে বেচে দিতে পারেন তাঁদের পণ্যটি। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ পরিবেশ আইনজীবী অ্যাসোসিয়েশনে প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘এটি অনেক ভালো একটি উদ্যোগ। অনেকেই এখান থেকে পণ্য কিনে টাকা সাশ্রয় করতে পারবে। তবে এই সাইটে যদি তারকাদের পোশাকও পাওয়া যায় তাহলে অনেকে কিনতে আগ্রহী হবে। তাই তারকারা পুনঃর সঙ্গে যুক্ত হতে পারেন তাঁদের ব্যবহার্য জিনিস দিয়ে।’ অনুষ্ঠানে উপস্থিত পুনঃর উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এ কে এম ফাহিম মাশরুর, ফোরকান বিন কাশেম, রফিকুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠানে পুনঃর চেয়ারপারসন ফারহানা এ রহমান জানান, অনেক সময় দামের কারণে একটি কাপড় হয়তো অনেকে কিনতে পারে না। সেই কাপড়টাই একটু পুরোনো হওয়ায় লোকটি হয়তো তা পেয়ে গেল কম দামে। তখন তার কিনে নিতেও সুবিধা হবে। তা ছাড়া একস্থানে টাকা আটকে না রেখে নতুন কিছু করতে পারবে বিক্রেতা। পুনঃর প্রধান নির্বাহী সাইদা গুলরু হাসান বলেন, ‘এটা একটা সামাজিক ব্যবসা। কারণ, এখান থেকে আয় করা অর্থ বিভিন্ন সামাজিক কাজে ব্যয় করা হবে। আমাদের দেশে ধারণাটি নতুন হলেও সবাই এটিকে গ্রহণ করবে বলে আশা করি।’ বিভিন্ন পণ্যের ভেতরে পুনঃতে বর্তমানে পাওয়া যাচ্ছে শাড়ি, সালোয়ার-কামিজ, বাচ্চাদের পোশাক, জুয়েলারি সামগ্রী, স্যান্ডেল, বেল্ট, রোদচশমা, খেলনা, ব্যাগ ইত্যাদি। —হাসান ইমাম