কেন্দুয়ায় স্বাস্থ্য সহকারীদের বেশির ভাগ ট্যাবই অকেজো
গ্রাম পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা সেবা পৌঁছে দিতে বছর দেড়েক আগে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার স্বাস্থ্য সহকারীদের দেওয়া ট্যাবলেট কম্পিউটারগুলোর (ট্যাব) বেশির ভাগই এখন অকেজো। এ ছাড়া স্বাস্থ্যতথ্য সংগ্রহ করে ট্যাবলেটের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোও সম্ভব হচ্ছে না। কারণ, এ কাজের জন্য নির্দিষ্ট ‘ইউজার নেম’ ও ‘পাসওয়ার্ড’ স্বাস্থ্য সহকারীদের এখনো দেওয়া হয়নি। ফলে সচল ট্যাবগুলো ব্যবহার করেও কাজ সম্পন্ন হচ্ছে না। এতে ট্যাব প্রদানের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
গ্রাম পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা দিতে ২০১৩ সালের মে মাসে কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়নের ৪৯ জন স্বাস্থ্য সহকারীকে (হেলথ অ্যাসিস্ট্যান্ট) সরকারিভাবে ৪৯টি ট্যাবলেট কম্পিউটার দেওয়া হয়। এর মধ্যে ২৮টি ট্যাব এখন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এগুলো ছিল এইচনেট ব্র্যান্ডের এইচডব্লিউ-১২৮ মডেলের ট্যাবলেট। স্বাস্থ্য অধিদপ্তরের ‘ম্যানেজমেন্ট ইনফরমেশন সিসটেম’ (এমআইএস)-এর উদ্যোগে দেওয়া সাত ইঞ্চি পর্দার এসব ট্যাবের সঙ্গে ইন্টারনেট সংযোগসহ একটি করে সিমকার্ডও দেওয়া হয়।
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য সহকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ট্যাব ব্যবহার করে গ্রাম পর্যায়ে স্বাস্থ্যশিক্ষা-সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখানো, গর্ভবতী মা ও শিশুর ‘ফলোআপ’, গর্ভবর্তী নারী ও পাঁচ বছরের কম বয়সী শিশুর নিবন্ধন, গর্ভবতী মায়েদের সেবা, সন্তান জন্মদান-সংক্রান্ত (ডেলিভারি) রোগ ও মৃত্যুর তথ্য, মাতৃ ও শিশুমৃত্যুর তথ্য সংরক্ষণ এবং গর্ভবতী মায়েদের সেবা প্রদানের তথ্য প্রতি মাসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানোর কথা। এ জন্য তাঁদের একাধিকবার প্রশিক্ষণও দেওয়া হয়।
স্বাস্থ্যসংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য বিশেষ অ্যাপ্লিকেশনও আছে ট্যাবলেটে। কিন্তু কিন্তু ‘ইউজার নেম’ ও ‘পাসওয়ার্ড’ না পাওয়ায় মূল অ্যাপ্লিকেশন ব্যবহার করা গেলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তথ্য পাঠানো যায় না। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ২৮টি ট্যাব নষ্ট এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখনো ‘ইউজার নেম’ ও ‘পাসওয়ার্ড’ সরবরাহ করেনি।
স্বাস্থ্য সহকারী মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমার ব্যবহৃত ট্যাব কখনো চালু হয়, কখনো আবার হয় না। এ ছাড়া এতে ইন্টারনেট সংযোগও এখন নেই।’ বিতরণের এক মাস পর থেকেই এসব সমস্যা দেখা দিয়েছে বলে তিনি জানান। আরেকজন স্বাস্থ্য সহকারী মো. তারিকুজ্জামান বলেন, ‘বিতরণের তিন মাস পরই ট্যাবে সমস্যা দেখা দেয়। এরপর ব্যক্তিগত উদ্যোগে ১ হাজার ৫০০ টাকা দিয়ে ঢাকা থেকে ঠিক করিয়ে এনেছি। এখন এটির চার্জও তেমন থাকে না।’
ট্যাব বিতরণের সময় স্বাস্থ্য সহকারীদের এর ওয়ারেন্টি ও বিক্রয়োত্তর সেবা সম্পর্কেও কিছু বলা হয়নি। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ বাসেত চৌধুরী বলেন, ‘ট্যাবগুলো বিতরণের দুই মাসের মধ্যে অকেজো পাঁচটি ট্যাব স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা থেকে পরিবর্তন করে আনা হয়েছিল। কিন্তু এখন আর পরিবর্তন করে দেওয়া সম্ভব নয় বলে আমাদের জানানো হয়েছে। ট্যাবগুলোর “ওয়ারেন্টি” কার্ডও আমাদের দেওয়া হয়নি।’”
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনির-উল-ইসলাম বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’
মুঠোফোনে যোগাযোগ করা হলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও এমআইএসের পরিচালক আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক পর্যায়ে ট্যাবগুলো চালানোর ক্ষেত্রে স্বাস্থ্য সহকারীদেরও দক্ষতা তেমন ছিল না। এ কারণেও ট্যাবে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তবে ব্যবহার করতে না পারা ট্যাবগুলো আমাদের কাছে পাঠানো হলে এ-সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। তা ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে কেনা এসব ট্যাব দরপত্রের মাধ্যমে সর্বনিম্ন দরদাতারাই সরবরাহ করেছিল। আমার জানামতে, উপজেলা পর্যায়ে ইতিমধ্যে ইউজার নেম ও পাসওয়ার্ড সরবরাহ করা হয়েছে। তবে কেন তা স্বাস্থ্য সহকারীরা পায়নি এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।’