কেন্দ্রে কে গড়বে সরকার?

ভারতের রাজনীতিতে প্রথম শক্তি হিসেবে বিবেচনা করা হয় কংগ্রেস বা কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল জোট বা ইউপিএকে। আর দ্বিতীয় শক্তি হিসেবে বিবেচনা করা হয় বিজেপি বা বিজেপির নেতৃত্বাধীন এনডিএ বা জাতীয় গণতান্ত্রিক মোর্চাকে। ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কোন জোট ক্ষমতায় যাবে, তাই নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা-কল্পনা বা বিতর্কের অভাব নেই। কংগ্রেস যেমন মনে করছে, শেষ পর্যন্ত তারাই কেন্দ্রে সরকার গড়তে সমর্থ হবে। এখন যে হাওয়াই উঠুক না কেন, ভারতের ধর্মনিরপেক্ষ মানুষ কংগ্রেসকে বিমুখ করবে না। আবার বিজেপিও মনে করছে, যেভাবে তাদের নির্বাচনী পালে হাওয়া লেগেছে তাতে ‘দুর্নীতিগ্রস্ত’ কংগ্রেসকে আর ক্ষমতায় আনবে না মানুষ। বিজেপিও কংগ্রেসের মতো মনে করে, ভারতবাসী এবার আর তাদের বিমুখ করবে না।
যদিও এই দুই জোট এখনো কেন্দ্রে সরকার গড়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী; তবুও ভারতের বিভিন্ন জনমত সমীক্ষায় উঠে আসছে অন্য ছবি। এ পর্যন্ত যে কয়েকটি সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, তাতে কোনো সমীক্ষা স্পষ্ট করেনি যে কংগ্রেস বা বিজেপি জোট কে এবার সরকার গড়তে যাচ্ছে। এসব সমীক্ষার ফলাফলে যে আভাস পাওয়া যাচ্ছে, তা হলো বিজেপি বা কংগ্রেস কারও পক্ষে আঞ্চলিক দলের সমর্থন ছাড়া সরকার গড়া সম্ভব হবে না। এবারের নির্বাচনে নির্ণায়ক শক্তি হিসেবে আভির্ভূত হবে আঞ্চলিক দলগুলো। তবে আসনসংখ্যার দিক থেকে এগিয়ে থাকবে বিজেপি। আর দ্বিতীয় স্থানে থাকবে কংগ্রেস। এখন কংগ্রেসের ইউপিএ জোটে আছে আটটি রাজনৈতিক দল। আর বিজেপির এনডিএ জোটেও রয়েছে সমসংখ্যক রাজনৈতিক দল।
তবে সমীক্ষায় এমন ইঙ্গিতও দেওয়া হয়েছে, রাজনৈতিক পর্যবেক্ষকেরা এমনটা মনে করছেন, নির্বাচনের পর যদি এমন চিত্র ফুটে ওঠে যে কংগ্রেস বা বিজেপি কারও পক্ষে সরকার গড়া সম্ভব নয় বা আঞ্চলিক দলগুলোর মিলিত আসন বেশি, সে ক্ষেত্রে একটা ন্যূনতম কর্মসূচির আওতায় এক হয়ে যেতে পারে আঞ্চলিক দলগুলো। তখন ইউপিএ বা এনডিএ জোটের কেউ আবার ক্ষমতার লোভে বেরিয়ে আসতে পারে জোট ছেড়ে। ঐক্যবদ্ধ হতে পারে তৃতীয় শক্তির সঙ্গে।
তবে সে ক্ষেত্রে প্রধানমন্ত্রিত্ব নিয়ে এই তৃতীয় জোটে লড়াই শুরু হয়ে যাবে। তৃতীয় শক্তি বা কংগ্রেস-বিজেপিবিরোধী জোটের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব, বহুজন সমাজ পার্টির মায়াবতী, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর এআইএডিএমকে প্রধান কুমারী জয়ললিতা, অন্ধ্র প্রদেশের তেলেগু দেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু, মহারাষ্ট্রের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির প্রধান শারদ পাওয়ার, বিহারের সংযুক্ত জনতা দলের নেতা নিতীশ কুমার প্রমুখ।
এদিকে লোকসভা নির্বাচনের আগে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির জয় দলটিকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। অন্যদিকে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (এএপি) জয়ে কংগ্রেস এবং বিজেপিকে হতাশ করেছে। ১২০ কোটি মানুষের দেশ ভারত। রয়েছে ৩৫টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল। এসব রাজ্যে এখন ক্ষমতায় যেমন আছে বিজেপি তেমন আছে কংগ্রেসও। তবে অন্যান্য বেশ কয়েকটি বড় রাজ্যে এখন কংগ্রেস বা বিজেপির চেয়ে বেশি দাপট চলছে আঞ্চলিক দলগুলোর।
উত্তর প্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্র প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, ওডিশা, কর্ণাটক, জন্মু ও কাশ্মীর, ত্রিপুরা, মণিপুর রাজ্যে এখনো বিজেপি বা কংগ্রেসের তুলনায় আঞ্চলিক বা অন্যান্য দলের দাপট বেশি। সেই নিরিখে বিভিন্ন জনমত সমীক্ষা সংস্থা তাদের সমীক্ষা রিপোর্টে বারবার এ কথাই বলেছে, আসন্ন লোকসভা নির্বাচনে আঞ্চলিক দলগুলোর দাপট থাকবে এবার বেশি।
সর্বশেষ সমীক্ষায় বলা হয়েছে, লোকসভার ৫৪৩ আসনে বিজেপি ১৬২ এবং কংগ্রেস ১০২টি আসনে এককভাবে জিততে পারে। ২০০৯ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল ১১৬টি ও কংগ্রেস জিতেছিল ২০৬টি আসনে। ফলে দিল্লির কেন্দ্রীয় সরকার গড়তে হলে বিজেপি বা কংগ্রেসকে আঞ্চলিক দলের ওপর নির্ভর করে সরকার গড়তে হবে। তাই চার রাজ্যের নির্বাচনের ফলাফলের মাধ্যমে বিজেপির পালে হাওয়া লাগলেও তারা যে কেন্দ্রে সরকার গড়তে যাচ্ছে, এমন আভাস কোনো সমীক্ষা রিপোর্টে নিশ্চিতভাবে ভেসে ওঠেনি। পাঁচ রাজ্যের নির্বাচনের ফল ঘোষণার পর কংগ্রেস অবশ্য বলে দিয়েছে, এই ফলাফল দ্বারা এটা প্রমাণিত হয় না যে কংগ্রেস ক্ষমতা হারাচ্ছে। তাদের যুক্তি বিধানসভা নির্বাচন সাধারণত হয়ে থাকে আঞ্চলিক ইস্যুর ওপর ভিত্তি করে। আর লোকসভা নির্বাচন হয় জাতীয় ইস্যুর ওপর। ফলে কংগ্রেস আশা করছে, ধর্মনিরপেক্ষ ভারতে মানুষ বিজেপি নয়, বরং ধর্মনিরপেক্ষ দল কংগ্রেসকেই ভোট দেবে।
উল্লেখ্য, আগামী বছরের এপ্রিল-মে মাসে ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।
অমর সাহা, কলকাতা প্রতিনিধি