কেবল আত্মীয় নয়, বন্ধুদের মধ্যেও রয়েছে জিনগত মিল

আপনি নিজের বন্ধু বাছাই করে নিতে পারেন, কিন্তু পরিবারের সদস্য বাছাই করার কোনো সুযোগ নেই। তবে বন্ধু খুঁজে নেওয়ার মধ্য দিয়ে আসলে মানুষ নিজের অজান্তে দূর-সম্পর্কের আত্মীয়কেই নির্ধারণ করে। নতুন এক গবেষণার পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী এ তথ্য জানিয়েছেন।
ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফার্মিংহাম হার্ট স্টাডির ওই গবেষণায় বলা হয়, মানুষ নিজের সঙ্গে জিনগত সাদৃশ্যপূর্ণ কাউকেই সাধারণত বন্ধু হিসেবে বাছাই করে থাকে। আর সেই মিল এতটাই বেশি যে তা অনেকটা দূর সম্পর্কের ভাই-বোনের (কাজিন) জিনগত বৈশিষ্ট্যের সঙ্গে তুলনীয়।
গবেষকেরা এক হাজার ৯৩২ জন মানুষের ওপর জরিপ চালান। আত্মীয়দের বাইরে তাঁদের বন্ধুবান্ধব ও অপরিচিত ব্যক্তিদের সঙ্গে জিনগত বৈশিষ্ট্যের তুলনামূলক বিশ্লেষণও করা হয়। একই সামাজিক পরিমণ্ডলের মানুষের জিনে প্রায় এক শতাংশ মিল পাওয়া যায়। আর অনাত্মীয় বন্ধুদের মধ্যে জিনগত মিল অনেকটা দূর সম্পর্কের আত্মীয়ের সঙ্গে বিদ্যমান মিলের মতো। প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস সাময়িকীতে এ গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে গবেষণায় অংশগ্রহণকারী মানুষের অধিকাংশই শ্বেতাঙ্গ।
সংশ্লিষ্ট গবেষক ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা, বিবর্তনমূলক জীববিদ্যা ও চিকিৎসাবিজ্ঞানের অধ্যাপক নিকোলাস ক্রিস্টাকিস বলেন, অনাত্মীয় বন্ধুদের জিনগত মিল মাত্র এক শতাংশ থাকার ব্যাপারটি নিতান্তই সামান্য মনে হতে পারে। কিন্তু জিন বিশেষজ্ঞদের বিবেচনায় এটি অনেক বড় ব্যাপার। কারণ, মানুষ অসংখ্য সম্ভাবনার মধ্য থেকে নিজেদের আত্মীয়সদৃশ বন্ধু নির্বাচন করতে পারছে।
গবেষকেরা বলেন, বিশ্লেষণ অনুযায়ী তাঁরা জানতে পেরেছেন যে বন্ধুদের মধ্যে জিনগত বন্ধন কখনো কখনো মানুষের উত্তরাধিকার-সংক্রান্ত বৈশিষ্ট্যকেও ছাপিয়ে যেতে পারে। তা ছাড়া, ঘ্রাণশক্তি এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী জিনগুলোর মধ্যেও বন্ধুতে বন্ধুতে মিল পাওয়া যায়। কিন্তু এই সাদৃশ্যের ব্যাপারটির কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি। তবে সম্ভবত একই ঘ্রাণের প্রতি আকর্ষণের কারণে দুজন মানুষের মধ্যে বন্ধুত্ব হতে পারে। কোনো নির্দিষ্ট কফিশপ অথবা সুগন্ধী পছন্দ করতে গিয়ে তারা হয়তো মানসিক মিল খুঁজে পায়। আর তা থেকে হৃদ্যতা ও বন্ধুত্ব গড়ে ওঠে।
সান ডিয়েগোতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা জিনতত্ত্ব বিভাগের অধ্যাপক জেমস ফ্লাওয়ার বলেন, ডিএনএর সাদৃশ্যের কারণেই মানুষ ব্যাখ্যাতীত কোনো প্রক্রিয়ায় কারও সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। জিনোম বিশ্লেষণ করে দেখা যায়, বন্ধুদের ডিএনএর সঙ্গে কোনো ব্যক্তির ডিএনএর গড়পড়তা মিল থাকে। সূত্র: এএফপি ও বিবিসি