কেবল ইয়াহু আইডিতেই খুলবে ইয়াহু মেইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: ইয়াহু মেইল
ছবি: ইয়াহু মেইল

ইয়াহুতে লগ ইন করতে আর গুগল কিংবা ফেসবুক সাইন ইন ফিচার ব্যবহার করা যাবে না। এখন থেকে শুধু ইয়াহু আইডি দিয়ে মেইলে লগ ইন করতে হবে। ফ্লিকারের মতো ইয়াহুর অন্যান্য জনপ্রিয় সার্ভিসের ক্ষেত্রেও থার্ড পার্টি অ্যাকাউন্ট থেকে লগ ইন সুবিধা বন্ধ করছে ইয়াহু কর্তৃপক্ষ।
ইয়াহুর এক মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ধীরে ধীরে ইয়াহুর সব অ্যাকাউন্টে গুগল ও ফেসবুক থেকে লগইন করার সুবিধা বন্ধ হয়ে যাবে। ব্যবহারকারীর ইয়াহু মেইল অভিজ্ঞতা আরও উন্নত করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
গুগল থেকে ইয়াহুতে ২০১২ সালে প্রধান নির্বাহী হিসেবে যোগ দেওয়ার পর বেশ কয়েকটি সেবা নতুন করে চালু করছেন মারিসা মেয়ার। মেয়ারের হাত ধরে ইয়াহু মেইল ও ইয়াহু ফাইন্যান্স সার্ভিসেও ব্যাপক পরিবর্তন এসেছে। গত বছরে অব্যবহূত ইমেইল আইডিগুলোকে রিসাইকেল করার ঘোষণাও দিয়েছিল ইয়াহু। এতে অ্যাকাউন্ট খোলার পর ১২ মাসের বেশি অব্যবহূত মেইল আইডিগুলো আবার ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রসঙ্গত, ইয়াহুতে জিমেইল ও ফেসবুক ব্যবহার করে সাইন ইন ফিচারটি নিষ্ক্রিয় করে দেওয়ার ঘোষণার আগে বড় ধরনের সমস্যার মুখে পড়েছিল ইয়াহু কর্তৃপক্ষ। এ বছরের ডিসেম্বর মাসে ইয়াহুর মেইল সেবা ব্যবহারকারীদের অনেকেই মেইল ব্যবহার করতে সমস্যায় পড়েন। ইয়াহু জানিয়েছিল, তাদের মেইল ডাটা সেন্টারের হার্ডওয়্যার সমস্যার কারণে ইয়াহু মেইল ব্যবহারকারীদের এই ঝামেলায় পড়তে হয়েছিল।