কেবল চিন্তাশক্তি দিয়ে হেলিকপ্টারের উড্ডয়ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিন্তাশক্তি ব্যবহার করে আকাশে উড়বে দূরনিয়ন্ত্রিত ছোট্ট হেলিকপ্টার। কারণ, এটির প্রযুক্তিতে সংযুক্ত করা হয়েছে মস্তিষ্কের মতো তরঙ্গব্যবস্থা। যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এ রকম একটি হেলিকপ্টারের নমুনা তৈরি করেছেন।

জার্নাল অব নিউরাল ইঞ্জিনিয়ারিং সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, এই বিশেষ হেলিকপ্টার চালনার জন্য পাইলটকে মাথায় দিতে হবে বিদ্যুৎবাহী (ইলেকট্রোড) একটি টুপি। এটি মস্তিষ্কের তরঙ্গ শনাক্ত করে দূরনিয়ন্ত্রিত হেলিকপ্টারটিকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারবে। গবেষকদের আশা, এই হেলিকপ্টারে কৃত্রিম (রোবটিক) অঙ্গ-প্রত্যঙ্গ ও চিকিৎসাযন্ত্র সংযুক্ত করে এটিকে বিশেষ রূপ দেওয়া সম্ভব হবে। একই প্রযুক্তি থেকে পঙ্গু রোগীদের পাশাপাশি অন্যরাও সুফল পাবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট গবেষক বিন হে।

মস্তিষ্কের সাহায্যে চালিত এটিই প্রথম পরিবহন নয়। যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক ২০১০ সালে একটি মানুষবিহীন উড়ন্ত যান চালাতে সমর্থ হয়েছিলেন, যা একজন চালকের মস্তিষ্কের সাহায্যে নিয়ন্ত্রিত হয়ে ডানে ও বাঁয়ে চলতে পারত। তবে নতুন হেলিকপ্টারটি একধাপ এগিয়ে রয়েছে। কারণ, এটি কেবল ডানে ও বাঁয়ে নয়, ওপর-নিচেও চলতে পারবে। নির্দিষ্ট দিকে হেলিকপ্টারটিকে চালাতে হলে পাইলট নিজেকে হাত মুষ্টিবদ্ধ (বাঁয়ে যেতে হলে বাঁ হাত) অবস্থায় কল্পনা করবেন। সেই মানসিক অবস্থার ছবি মস্তিষ্কের বাইরের অংশে (মোটর কর্টেক্স) পরিবর্তন ঘটাবে। ইলেকট্রোড ও কম্পিউটার প্রোগ্রামের সাহায্যে সেই পরিবর্তন পাইলটের ইচ্ছাকে বাস্তব রূপ দেবে।

মস্তিষ্ক ও যন্ত্রনির্ভর এই প্রযুক্তির ব্যবহার আয়ত্ত করতে পাইলটদের যথেষ্ট সময় লাগছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিজ্ঞানী টোড কোলম্যান বলেন, মস্তিষ্কের তরঙ্গব্যবস্থা নিয়ন্ত্রণ-প্রযুক্তির এটিই সম্ভবত সবচেয়ে উল্লেখযোগ্য প্রয়োগ।

পঙ্গু ব্যক্তিরা একই প্রযুক্তিতে মস্তিষ্কের সাহায্যে সংকেত বা নির্দেশনা পাঠিয়ে তাঁদের কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ চালনা করতে পারবেন। মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা ইতিমধ্যে এ ধরনের কৃত্রিম হাত ব্যবহার করে দুই দিকে নাড়াচাড়া করাতে সমর্থ হয়েছেন। তবে এই প্রযুক্তির আরও নিখুঁত ব্যবহার আয়ত্ত করতে দীর্ঘতর গবেষণা প্রয়োজন। নেচার।