
স্কুল থেকে ফিরেই সাত বছরের নাবিলা খুলে বসে তার নালিশের ডালা। ‘জানো মা, মনামি আমার টিফিন খেয়ে নিয়েছে’, ‘ফাহাদ আজকে আমার চুল ধরে টেনেছে’, ‘মিস আজকে আমাকে শুধু শুধু বকা দিয়েছে’। সঙ্গে সঙ্গে নাবিলার মা এসব অভিযোগের বিহিত করার জন্য ফোন করা শুরু করলেন মনামি-ফাহাদের মাকে...অথবা ক্লাসের মিসকেই!
শিশুরা অভিযোগ করতেই পারে। কখনো তা সহপাঠী বন্ধুর বিরুদ্ধে, কখনো বা পরিবারের বয়োজ্যেষ্ঠ কারও বিরুদ্ধে; আবার কখনো বা বাসার কাজের মানুষের বিরুদ্ধে। কখনো মায়ের কাছে বাবার বিরুদ্ধে বা বাবার কাছে মায়ের বিরুদ্ধেও তারা অভিযোগ করে থাকে। শিশুদের এই অভিযোগ করার বিষয়টি খুব বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করতে হবে বাবা-মাকে। একদিকে যেমন এই অভিযোগ করার প্রবণতাকে মোটেই উৎসাহিত করা যাবে না, তেমনি প্রয়োজনে গুরুতর অভিযোগ থাকলে সেটার সমাধান করতে হবে। শিশুদের মধ্যে পারিপার্শ্বিকতা সম্পর্কে নেতিবাচক মনোভাব গড়ে উঠলে সে সবার সম্পর্কে অভিযোগ করা শুরু করে।
শিশুর মধ্যে যদি অন্যের বিরুদ্ধে অভিযোগ করার অভ্যাস বেশি গড়ে ওঠে, আর বাবা-মা যদি সেগুলোর প্রতি উৎসাহী হন, তাহলে শিশুর মধ্যে যে সমস্যাগুলো দেখা যায়, সেগুলো হলো:
সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয় না
স্বাধীন চিন্তা ও সৃষ্টিশীলতা কমে যায়
প্রতিশোধস্পৃহা ও হিংস্র মনোভাব জন্ম নেয়
ব্যর্থতাকে মেনে নিতে পারে না, দ্রুত হতাশ হয়
সামাজিক আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়
অপরের প্রতি সম্মান, ভালোবাসা বা স্নেহ গড়ে ওঠে না
পারিবারিক জীবনে সমস্যা তৈরি করে
দিনে দিনে সে স্কুলে বা বন্ধুমহলে ‘অ-জনপ্রিয়’, ‘অভিযোগকারী’ হিসেবে পরিচিত হয়ে ওঠে। পরবর্তী সময়ে তার মধ্যে বিষণ্নতা, আচরণজনিত মানসিক সমস্যা ইত্যাদি দেখা দিতে পারে। বাবা-মাকে এ সমস্যা সমাধানে যেসব বিষয়ে বেশি নজর দিতে হবে—
উৎসাহ নয়: শিশুর এই অভিযোগ করার বিষয়টি মোটেই উৎসাহিত করা যাবে না। তার যেকোনো অভিযোগ শুনেই সঙ্গে সঙ্গে ‘অভিযুক্তের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা বা শিশুর সামনে সেই ‘অভিযুক্ত’ সম্পর্কে আরও একগাদা কটু মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।
শুনতে হবে: অনেক সময় কিছু অভিযোগ থাকে স্পর্শকাতর ও গুরুতর। সেই ধরনের অভিযোগ যেন বাবা-মায়েরা এড়িয়ে না যান। এই অভিযোগগুলোকে গুরুত্ব দিয়ে সমাধান করার চেষ্টা করতে হবে। তবে শিশুর সামনে সেগুলো নিয়ে হইচই করা যাবে না।
যাচাই করুন: অনেক সময় কন্ডাক্ট ডিস-অর্ডার নামক আচরণজনিত মানসিক সমস্যায় আক্রান্ত শিশু অপরের নামে গুরুতর মিথ্যা অভিযোগ করে থাকে। তাই সতর্কতার সঙ্গে তার অভিযোগ যাচাইয়ের পাশাপাশি লক্ষ রাখতে হবে যে তার মধ্যে এই আচরণজনিত মানসিক সমস্যা রয়েছে কি না।
সে কী চায়: শিশুর চাওয়া আর পাওয়ার মাঝখানে ব্যবধান থাকলে সে অন্যের নামে অভিযোগ করা শুরু করে—বিশেষ করে, সে যদি বাবা-মায়ের মনোযোগ আকর্ষণ করতে চায়, অথবা তার মনে যদি ধারণা জন্মে বাবা-মা আমাকে যথেষ্ট সময় দিচ্ছে না, তখন সে হয়ে ওঠে অভিযোগপ্রবণ। তার চাওয়া-পাওয়ার দিকে নজর দিতে হবে।
ইতিবাচক মনোভাব: শিশুকে সবকিছুর ভালো দিকটি দেখাতে হবে। কোনো কিছুর মন্দ বা নেতিবাচক দিক নিয়ে শিশুর সামনে আলোচনা করবেন না। শিশুর নেতিবাচক মনোভাব গড়ে ওঠে আশপাশের মানুষের, বিশেষত বাবা-মায়ের মনোভাবের ওপর ভিত্তি করে।
সমালোচনা নয়: শিশুর সামনে তার বন্ধু, স্বজন, শিক্ষক বা বাসার কাজের লোকদের সম্পর্কে কটু মন্তব্য করবেন না। বরং তাদের প্রশংসা করুন, এতে করে শিশু অন্যকে মূল্যায়ন করা শিখবে।
সঠিক মনোযোগ: শিশুর ভালো কাজে উৎসাহ দেওয়াটা শিশুর প্রতি ‘ইতিবাচক মনোযোগ’, অনাকাঙ্ক্ষিত আচরণগুলোর দিকে বেশি বেশি নজর দেওয়াকে বলা হয় ‘নেতিবাচক মনোযোগ’ আর শিশুর প্রতি উদাসীন থাকাকে বলা হয় ‘মনোযোগহীনতা’। বাবা-মাকে সব সময় শিশুর প্রতি ‘ইতিবাচক মনোযোগ’ দিতে হবে।
লেখক: মনোরোগ চিকিৎসক