কেরোসিন-কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অাঁকা: রাজীব
অাঁকা: রাজীব

ভালোবাসা দিবসের আগের রাতে একটা চিঠি লিখে ফেলে জায়েদ। পরীক্ষায় রচনা লিখতে গিয়ে কখনো দেড় পাতার বেশি লিখতে পারেনি ও। কিন্তু তুরিনকে লিখতে গেলে লেখায় বান ডাকে। ফেসবুক আর এসএমএসে ধরে না। তাই চিঠি। পুরো চার পাতা। ইংরেজি অভিধানে সেটা গুঁজে রাখে জায়েদ।
পরদিন সকালে ছোট বোন জারা ওই অভিধান নেওয়ার সময় হাত থেকে পড়ে যায় ভারী বইটা। বিছানায় লেপ মুড়ি দেওয়া জায়েদ কোনোমতে চোখের ভারী পাতা খুলে বলে, ‘আরে আরে, করছিস কী? ওটার ভেতর ইম্পরট্যান্ট একটা নোট রেখেছি। হারিয়ে ফেলবি তো!’
জারা বিরস মুখে বলে, ‘নোট না ছাই! তুরিন না ফুরিনকে চিঠি লিখেছ। তবে সাবধান! বাবুল ভাইকে দেখোনি। ইভ টিজিংয়ের দোষে সেদিন মিছেমিছি কেমন প্যাঁদানিটা খেলো!’
জারার হুঁশিয়ারিতে জায়েদের মিঠে ঘুম ছুটে পালায়। ঘড়ির দিকে তাকিয়ে মাথার চুল সব খাড়া হওয়ার জোগাড়। অনেক বেলা হয়ে গেছে। কোনোমতে হাতমুখ ধুয়ে মহল্লার ফুলের দোকানের দিকে ছোটে। আরে, এ কী! দোকানে ফুল নেই। ফাঁকা। সকাল সকাল ব্যবসা ভালো হওয়ায় খুব খুশি রমিজ কাকা। জায়েদ পেরেশান, তুরিনকে তাহলে কি ফুলের তোড়া দেওয়া হবে না? তোড়া না হোক, একটি গোলাপও কি জুটবে না?
জায়েদের ঝাঁ করে মনে পড়ে, ওদের বাড়ির ছাদেই তো ফুটে আছে কত গোলাপ। হোক না বাড়ির মালিকের বাগান, একটি ছিঁড়লে কে দেখবে, কে জানবে?
কিন্তু সেখানে বাড়িওয়ালি চেয়ার পেতে বসে আছেন। আচানক তাঁর সামনে পড়ে জায়েদ তো মেনিমাছ। বাড়িওয়ালিও মাছ শিকারি মাছরাঙা। বাঁকা হেসে বলেন, ‘ছাদে বুঝি শীতের হাওয়া খেতে এসেছ?’
জায়েদ তোতলায়, ‘না, ইয়ে মানে, আন্টি!’
‘সে যা–ই হোক, নিশ্চয়ই ওই বদমাশ দুটোর মতো গোলাপ ছিঁড়তে আসোনি?’
কোন বদমাশ দুটো, কে জানে? জায়েদ আমতা আমতা করে বলে, ‘না না, তা কেন, তা কেন?’
মানে মানে কেটে পড়ে জায়েদ। এখন ওর কী হবে? গোলাপ পাবে কোথায়?
তুরিনের সঙ্গে পরিচয়ের যোগসূত্র ওর মা ইরা আন্টি। মহল্লার ৮ নম্বর গলিতে থাকে ওরা। সেদিন জায়েদ বাজারে গিয়ে সবজি কিনছিল, হঠাৎ হইচই। দ্রব্যমূল্যের ভাপেই হোক, শরীর বিগড়ে যাওয়ার কারণেই হোক, অসুস্থ হয়ে পড়েছেন এক বয়স্ক নারী। তিনিই ইরা আন্টি। মানুষের পীড়াপীড়িতে তাঁকে ঠিকানামতো পৌঁছে দিতে গিয়ে তুরিনের সঙ্গে পরিচয়। ইরা আন্টির একমাত্র মেয়ে। এরপর মোবাইল ফোনে কানাকানি, ফেসবুকে ফিসফিস—এভাবে হয়ে গেল প্রেম। কিন্তু ফুল না পেয়ে সে প্রেম এখন সংকটে। আজ তুরিনকে সে ফুল দিতে পারবে না, তা কি হয়?
জায়েদ ভাবে, বাইরে গিয়ে ফুলের দোকানগুলোতে ঢুঁ মারবে কি না। পরে ভাবে, কায়দা করে তুরিনকে নিয়েই বের হবে। কাছের গলিতে যখন, যেতে আর কতক্ষণ।
কিছু ফলমূল নিয়ে তুরিনদের বাসায় হাজির জায়েদ। ইরা আন্টি শুকনো খড়ের মতো একটা হাসি দিয়ে বলেন, ‘এত দিনে বুঝি আন্টিকে মনে পড়ল?’
জায়েদ অবশ্য এই অভিনয়ে কিছু মনে করল না। ভালোবাসা দিবসে তুরিনের মতো মেয়ের মা ওর মতো ছেলেকে আপদ বলে বিবেচনা করতেই পারেন। প্রেম করলে এসব পাত্তা দিলে চলবে না। সে-ও বিগলিত ভাব নিয়ে বলল, ‘ভাবলাম, যাই, আন্টিকে অনেক দিন দেখি না। তাঁকে দেখেও আসব, দুপুরে তাঁর হাতের রান্নাও খেয়ে আসব। তা ডালভাত যা-ই হোক।’
আন্টি বলেন, ‘সে জো কি আর আছে, বাবা? চুলায় গ্যাস একদম নেই। কাউকে দিয়ে যে স্টোভের জন্য কেরোসিন আনাব, সে মানুষও পাচ্ছি না।’
জায়েদ প্রমাদ গোনে। ভালোবাসা দিবসে এ কোন চুলায় এসে পড়ল সে? ওদিকে পর্দার আড়াল থেকে মুখ টিপে হাসছে তুরিন। সে হাসি নতুন পথ দেখায় জায়েদকে। হ্যাঁ, নিজেকে এ বাড়ির যোগ্য জামাই হিসেবে তুলে ধরার এটাই সুযোগ।
জায়েদ প্রবল উত্সাহ দেখিয়ে বলে, ‘এ নিয়ে ভাববেন না, আন্টি। আমি তো আপনার ছেলের মতোই। কেরোসিনের ব্যবস্থা এক্ষুনি করে দিচ্ছি।’
খানিক পর কেরোসিন আনতে দোকানের দিকে ছোটে জায়েদ। শিগগিরই তুরিনের ফোন আসে। মিঠে সুরে বলে, ‘তুমি আমার কেরোসিন, আমি তোমারই আলো!’
এ কথায় জায়েদের কাব্য জেগে ওঠে। সে বলে, ‘বলো বলো, আরও বলো, শুনতে লাগছে ভালো!’
কিন্তু কাছের মুদি দোকানটায় গিয়ে মুখটা কালো হয়ে যায় জায়েদের। কেরোসিন চাইতেই দোকানি কেমন সন্দেহের দৃষ্টিতে তাকায়। বলে, ‘ক্যারাসিন নাই।’
পরের দোকানি ত্যাড়া কিসিমের। বলে, ‘ক্যারাসিন খুঁজেন কিল্লাই? আফনে ফুলিশ নি?’
দোকানে দাঁড়ানো দুজন খদ্দের হে হে করে হাসে। একজন টিপ্পনী কাটে, ‘হ, দিছে না গায়ে আগুন ধরাইয়া!’
জায়েদের মেজাজ চড়ে যায়। কিন্তু কিছু বলে না। আরেক দোকানে গিয়ে হাজির হয় জায়েদ। দোকানি গলা নামিয়ে উত্তেজিত সুরে বলে, ‘কয়ডা দিন ক্যারাসিন-ফ্যারাসিন থাইকা দূরে থাকেন, ভাইজান। দিনকাল ভালা না। দ্যাহেন না হেরাই মানুষ পোড়াইয়া মারতাছে!’
তাই বলে কি কেরোসিন পাবে না জায়েদ? এখনো তুরিনের সোহাগমাখা সুর কানে বাজছে ওর। কত মিষ্টি করেই না ওকে ‘কেরোসিন’ ডেকেছে তুরিন! কেরোসিন না পেলে তো ওর অবস্থাই কেরোসিন হয়ে যাবে। আন্টি আর তুরিনকে মুখ দেখাবে কী করে?
দুরুদুরু মনে পাড়ার শেষ দোকানটায় গিয়ে হাজির জায়েদ। এখানেও সেই ‘না’।
জায়েদের মনে জমে থাকা বারুদের বিস্ফোরণ ঘটে। দোকানির ওপর ফেটে পড়ে ও। গলা চড়িয়ে বলে, ‘এই মিয়া, কেরোসিন কোথায় লুকিয়েছ, বের করো। ফাজলামো নাকি!’
দোকানিও কম যায় না। সেও ঘাড় বাঁকিয়ে বলে, ‘লুকাইলে লুকাইছি! আফনের কী! ভালোবাসা দিবসে ফুল বাদ দিয়া ক্যারাসিন খুঁজেন, বিষয়ডা কী? ছ্যাঁক খাইয়া কাউরে জ্বালাইয়া দেওনের মতলব নাকি?’
এবার হিতাহিত জ্ঞান হারানোর জোগাড় জায়েদের। দোকানিকে মারতে উদ্যত হয় ও। হইচই শুনে এর মধ্যে দোকানের সামনে লোক জমে গেছে। এবার পুলিশ আসে ছুটে। একজন এএসআই এসে থামান জায়েদকে। উপস্থিত লোকজনের কাছে ঘটনা শুনে এএসআই বলেন, ‘ও কেরোসিন কেস? আপনার কেরোসিন চাই? তো, আসেন আমার সাথে।’
জায়েদকে নিয়ে কাছের পুলিশ ফাঁড়ির দিকে যেতে থাকেন এএসআই। জায়েদ একবার ভাবে, ওর অবস্থা তাহলে সত্যিই কেরোসিন হতে চলেছে? আবার ভাবে, এমনও তো হতে পারে, এই পুলিশ সদস্য ওকে সত্যিই কেরোসিনের সন্ধান দেবেন। পুলিশই তো পরম বন্ধু হতে পারে সাধারণ মানুষের!