কেসিং হবে পানিনিরোধক ক্যামেরা
এটা কোনো সাধারণ ওয়াটারপ্রুফ বা পানিনিরোধক কেসিং নয়। কোনো রকম সমস্যা ছাড়া কেসিংটি আইফোনকে গভীর পানিতে ডুবিয়ে রাখতে পারবেন। স্মার্টফোন এ কেসিংটির নাম ‘আইগিলস এসই-৩৫’। পানিনিরোধক এ কেসিংটি ডুবে থাকার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে ছয়টি বিশেষ বাটন ব্যবহার করা হয়েছে। ছয়টি বাটনে রয়েছে ছয়টি অ্যাপ্লিকেশন—এয়ার, নাইট্রক্স ও গেজ মুডস, একটি লগ ডাইভ, একটি ডিজিটাল কম্পাস এবং ফ্লাশলাইট। বাটনগুলো দিয়ে আইফোনের প্রায় সব কাজই পানির নিচে করা যাবে। তা ছাড়া কেসিংটির নিজের একটা বৈশিষ্ট্যও আছে। যখন এর ক্যামেরাটি গভীর পানিতে ছবি তোলে এবং ভিডিও ধারণ করে, তখন কেসিংটি গভীরতা এবং তাপমাত্রার সেন্সর হিসেবে কাজ করে। মজার ব্যাপার হলো, পানির ১৩০ ফুট অর্থাৎ ৪০ মিটার নিচেও কেসিংটি সম্পূর্ণ পানিনিরোধক থাকবে এবং পানির নিচে থেকেও আইফোনের মাধ্যমে নিখুঁত ও পরিষ্কার ছবি তুলতে পারবে। তবে ব্যবহারকারীরা পানির নিচে থাকা অবস্থায় মোবাইল ফোনে কথা বলা এবং খুদেবার্তা লেখার সুবিধাগুলো পাবেন না। ‘আইগিলস এসই-৩৫’ সহজেই আইফোন থ্রিজিএস, ফোর এবং ফোরএস—এ তিনটি মডেলে ব্যবহার করা যাবে। শুধু তা-ই নয়, পানিনিরোধক এ কেসিংয়ের মাধ্যমে আইফোনকে পুরোপুরি কম্পিউটার হিসেবেও ব্যবহার করা যাবে। কবে নাগাদ ‘আইগিলস এসই-৩৫’ নামের এ কেসিংটি বাজারে আসবে, তা বলা না গেলেও আশা করা যাচ্ছে, খুব শিগগিরই এটি বাজারে আসবে। তবে এটি বলার অপেক্ষা রাখে না যে অন্যান্য সাধারণ পানিনিরোধক কেসিংয়ের চেয়ে এটি হবে অত্যন্ত ব্যয়বহুল। এর দাম পড়বে ৩২৯ দশমিক ৯৯ মার্কিন ডলার। —গিজম্যাগ অবলম্বনে প্রদীপ সাহা