কৌতুক বৃত্তান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কৌতুকের উৎস কী? আর মজার গল্প পড়ে বা শুনে মানুষের হাসি পায় কেন? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তাঁরা কয়েকজন পেশাদার কৌতুক অভিনেতাসহ অন্যদের ওপর গবেষণা চালান। এরপর তাঁরা দাবি করেছেন, কৌতুক করার সময় মানুষের মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশ সক্রিয় থাকে। আবার কৌতুক বোঝার জন্য মস্তিষ্কের ভিন্ন একটি অংশ কাজ করে।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার (ইউএসসি) ওই গবেষকেরা মস্তিষ্কে কৌতুক কীভাবে তৈরি হয় এবং তার প্রতিক্রিয়াই বা কেমন হয়—ইত্যাদি জানতে অনুসন্ধান চালান। এতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের গবেষক ওরি আমির। সোসাইটি অব নিউরোসায়েন্সের ৪৪তম বার্ষিক সম্মেলনে ওই গবেষণা নিবন্ধ উপস্থাপন করা হয়। কৌতুক বোঝার জন্য মস্তিষ্কের কোন অংশটি সক্রিয় থাকে তা নিয়ে আগেও একাধিক গবেষণা হয়েছে। তবে মস্তিষ্কে কৌতুক উৎপত্তির ধরন নিয়ে গবেষণা এটিই প্রথম।
গবেষণায় বেশ কয়েকজন পেশাদার কৌতুক অভিনেতার পাশাপাশি রাখা হয় কয়েকজন অপেশাদার বা শৌখিন কৌতুক অভিনেতা ও সাধারণ মানুষকে। তাঁদের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য এমআরআই যন্ত্র ব্যবহার করা হয়। পরে তাঁদের দেখানো হয় শিরোনামহীন কিছু ব্যঙ্গচিত্র বা কার্টুন। মজার না কি সাধারণ প্রভৃতি মন্তব্য বা শিরোনাম লিখতে বলা হয় কার্টুনগুলোতে। ব্যঙ্গচিত্র দেখা ও শিরোনাম লেখার সময় ওই স্বেচ্ছাসেবীদের মস্তিষ্কের কার্যক্রম পর্যবেক্ষণ করে দেখা যায়, কৌতুক বোঝার সময় তাঁদের মস্তিষ্কের তিনটি অংশ (ভেন্ট্রাল স্ট্রিয়াটাম, মিডিয়াল প্রিফন্ট্রাল কর্টেক্স ও ভিজ্যুয়াল কর্টেক্স) সক্রিয় থাকে। আর কৌতুক তৈরির কাজটি করে মস্তিষ্কের টেম্পোরাল লোব নামের একটি অংশ।
গবেষক ওরি আমির বলেন, মস্তিষ্কের একটি নির্দিষ্ট অংশে কৌতুক তৈরি হয়। সাধারণ মানুষ বা শৌখিন কৌতুক অভিনেতার চেয়ে পেশাদার কৌতুক অভিনেতাদের মস্তিষ্কের ওই অংশে কার্যক্রম বেশি দেখা যায়। আর কৌতুক বুঝতে বা উপলব্ধি করতে মস্তিষ্কের ভিন্ন একটি অংশ কাজ করে। মজার ব্যাপার হলো, পেশাদারের চেয়ে শৌখিন কৌতুক অভিনেতা বা সাধারণ মানুষের মস্তিষ্কের এ অংশে বেশি কার্যক্রম দেখা যায়। আবার কৌতুক বোঝা বা উপভোগের ক্ষেত্রে মস্তিষ্কের নির্দিষ্ট অংশের কার্যক্রম সবচেয়ে দ্রুত শেষ হয় পেশাদার কৌতুক অভিনেতাদের। সূত্র: লাইভসায়েন্স।