কোকিল বিচিত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্ত এসেছে। কোকিল ডাকছে কুহু কুহু। কেমন হবে এ সময়ের কোকিলদের পত্রিকার খবরাখবর। ভেবেছেন হুমায়ূন হানিফ

ঢাকার ইস্কাটন থেকে ছবিটি তুলে ফটোশপে এমন ‘বিরল’ এক দৃশ্যের চিত্রায়ণ করেছেন আবু হাসান
ঢাকার ইস্কাটন থেকে ছবিটি তুলে ফটোশপে এমন ‘বিরল’ এক দৃশ্যের চিত্রায়ণ করেছেন আবু হাসান

কাকের বাসায় ডিম পাড়ার সহজ উপায়
কোকিলা চৌধুরী

মিষ্টি কণ্ঠের অধিকারী হলেও আমরা নিরীহ পাখি। নিজেরা বাসা বানাতে পারি না, তাই বংশবিস্তারের জন্য প্রতিনিয়ত কাকের দ্বারস্থ হতে হয়। সেটাও যদি একটু সহজ হতো, তাহলেও একটা কথা ছিল। কাকের চোখ ফাঁকি দিয়ে তাদের বাসায় ডিম পাড়া যে কত কঠিন, তা আমরা ভালোভাবেই বুঝি। তাই কাকের বাসায় সহজে ডিম পাড়ার কিছু উপায় জেনে নিন।

বিনিময় প্রথা

আদিম যুগে বিনিময় প্রথা বলে একটা প্রথা চালু ছিল। যে প্রথার মাধ্যমে একজন তার একটা পণ্যের বিনিময়ে অন্যজনের কাছ থেকে চাহিদানুযায়ী জিনিস বিনিময় করত। কাককে গান শেখানোর বিনিময়ে আমরা তাদের বাসায় সহজে ডিম পাড়ার সুযোগ পেতে পারি।

সিরিয়াল দেখিয়ে

কাকদের টিভি সিরিয়াল দেখিয়েও তাদের বাসায় খুব সহজে ডিম পাড়া সম্ভব। কেননা সিরিয়ালের প্রতি আসক্ত হওয়ার ফলে কোথায় কী হচ্ছে, সেদিকে আর খেয়াল থাকবে না কাকদের। এ সুযোগে আমরাও কাকের বাসায় আরামসে ডিম পেড়ে আসতে পারব।

মেকআপ করে

মেকআপের কেরামতিতে হাঁসকে মুরগি আর মুরগিকে হাঁস বানানো সম্ভব। আমরা তো এমনিতে কাকের মতোই দেখতে। তার ওপর পারলারে গিয়ে কাকের মতো মেকআপ নিলেই বাজিমাত। তখন দূর থেকে কেন, কাছ থেকে দেখলেও চেনার উপায় থাকবে না আমরা কোকিল, নাকি কাক।

ঘুম পাড়িয়ে

অনেক অনেক দিন আগে টিভিতে উচ্চাঙ্গসংগীতের অনুষ্ঠান হতো। তখন গান শুনতে শুনতে অনেকেই টিভির সামনে ঘুমিয়ে পড়ত। আমরাও এই কৌশল কাজে লাগিয়ে কাকের বাসার সামনে উচ্চাঙ্গসংগীতের চর্চা করতে পারি।

এই বসন্তে গলা সুরেলা রাখতে

প্রকৃতিতে বসন্ত এসেছে। আমাদের দম ফেলার সময় নেই। দিন-রাত কুহু কুহু করে চারপাশ মুখরিত রাখতে হবে। অথচ অনিয়ন্ত্রিত কুহু কুহু তানের ফলে অনেকের কণ্ঠই বসে যাচ্ছে। বিখ্যাত নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. কোকিউল খান গলা সুরেলা রাখার কিছু পরামর্শ দিয়েছেন।

l কোকিল সংগীত একাডেমি কর্তৃক নির্ধারিত মাত্রা অতিক্রম করে কুহু কুহু করা যাবে না। এতে গলার ভোকাল কর্ড ছিঁড়ে যেতে পারে।

l ঘন ঘন ফেসবুকে চেকইন দিয়ে লাইভে এসে অকারণে কুহুগীতচর্চা থেকে বিরত থাকুন।

l ঘণ্টার পর ঘণ্টা ভালোবাসার নামে ফোনে কুহু কুহু করবেন না। এতে করে কণ্ঠের ওপর চাপ পড়ে।

l রাজনীতিবিদ কোকিলদের জন্য সপ্তাহে দুটির বেশি সভা নয়, একটি হলে ভালো হয়।

l নিয়মিত টক শো করা কোকিলদের অবশ্যই টক শোতে কুহুবাজি থেকে বিরত থাকতে হবে। এতে কণ্ঠ কাকের মতো হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

l কণ্ঠের যেকোনো সমস্যায় নিকটস্থ কোকিল চিহ্নিত ‘কুহু ক্লিনিকে’ বিশেষজ্ঞের পরামর্শ নিন। মনে রাখবেন, বসন্ত একবার গেলে আবার আসে কিন্তু গলা একবার গেলে আর আসবে না।