
কাকের বাসায় ডিম পাড়তে গিয়েছিলেন ফেনীর এক কোকিল দম্পতি। তাঁদের উপস্থিতি টের পেয়ে তেড়ে আসে দুর্বৃত্ত কাকের দল। শেষমেশ ডিম না পেড়েই ঘটনাস্থল ত্যাগ করেন তারা। ঘটনাটিকে কেন্দ্র করে গতকাল রোববার গাছে গাছে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোকিলের ওপর একাধিকবার আক্রমণের পাঁয়তারা করে এলাকার কিছু বখাটে কাক। একপর্যায়ে এক কোকিলের মাথায় ঠোকরও দেয় কাকেরা।
স্থানীয় সংবাদদাতার বরাতে জানা যায়, গতকাল রোববার দুপুর ১২টার সময় ফেনীর এক গাবগাছে ঘটনার সূত্রপাত। সে সময় জনৈক কাক ও তাঁর স্ত্রী বাসায় ছিলেন না। এদিকে কোকিল দম্পতির ডিম পাড়ার সময় আসন্ন। উপায় না পেয়ে তাঁরা কাকের বাসায় বসে পড়েন। কিন্তু প্রতিবেশী এক কাক সেটা দেখে ফেলায় বেধে যায় ঝামেলা। তেড়ে আসেন বাসার মালিক কাক দম্পতি। একপর্যায়ে ওই এলাকার সব কাকই ছুটে এসে কোকিল দুটিকে ধাওয়া করে।
কিছুক্ষণ পর স্থানীয় কিছু বখাটে কাকদের লেলিয়ে দেয় কাকেরা। কোমলমতি এক কোকিলের মাথায় ঠোকরও বসায় একটি কাক।
এ বিষয়ে কোকিল দম্পতি নাম না প্রকাশ করার শর্তে বলেন, ‘এটা কোকিলাধিকারের লঙ্ঘন। আমরা নিরুপায়। এই মুহূর্তে কাকদের এই আচরণ আমরা আশা করিনি।’ বলেই তাঁরা কুহু কুহু করে কেঁদে ফেলেন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এক প্রতিবাদ সভা ও মিছিলের ডাক দিয়েছেন নিখিল বাংলা কোকিল সমিতির ফেনী জেলার সভাপতি কোকিলাল রায়। তিনি বলেন, ‘ঐতিহ্যের ধারায় আমরা কাকের বাসায় ডিম পাড়ি। এটা কোনো দিন অন্যায় হতে পারে না। আর আমরা তো কাকদের কোনো ক্ষতি করছি না! তাহলে কেন এই অত্যাচার, কেন এই জুলুম? আর আমাদের মতো গাতক পাখি কাকদের মতো কর্কশ কণ্ঠের পাখির বাসায় যে ডিম পাড়ে, এতেই তো ওরা ধন্য। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। কাকদের এমন আচরণ সংস্কৃতিসেবীদের ওপর আক্রমণের শামিল। এ বিষয়ে আগামীকাল সোমবার (আজ) গাবগাছে এক প্রতিবাদ সভা ও মিছিলের ডাক দিয়েছি।’
এ ঘটনার প্রতিবাদে বিরোধীদলীয় পাখিনেতা দোয়েল বলেন, ‘সরকার কোকিলদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে। আমরা এর বিচার চাই।’
এদিকে বিকেলে স্থানীয় সাংসদ ঘুঘু ক্ষতিগ্রস্ত কোকিল পরিবারের ডাল পরিদর্শন করেন। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সাংসদ কোকিল পরিবারকে বাসা বানানোর জন্য প্রশিক্ষণ ও কিছু খড়কুটো দেওয়ার আশ্বাস দিয়ে বলেন, ‘আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অচিরেই দোষীদের ধরে আইনের আওতায় আনা হবে।’
খোঁজ নিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ইগল পাখি বলেন, ‘এখনো মামলা হয়নি। মামলা হলে দুর্বৃত্তদের ধরার জন্য অভিযান চালানো হবে।’
এ বিষয়ে বক্তব্য জানার জন্য কাকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁদের নেতা ‘কা কা’ করে তেড়ে আসেন।
উচ্চাঙ্গসংগীত শেখাই
অত্যন্ত যত্নের সঙ্গে, প্রাকৃতিক পরিবেশে উচ্চাঙ্গসংগীত শেখাই। কেবল কুহু কুহু নয়, কাকদের ঘুম পাড়ানো যাবে এমন সব রাগ ও খেয়ালের শর্ট কোর্সের ব্যবস্থাও আছে।
গাছের ডাল সীমিত। আগে এলে আগে পাবেন ভিত্তিতে।
পণ্ডিত কোকিলাচরণ
বটগাছ (৪৫ ডাল), রমনা পার্ক, ঢাকা