কোটি টাকার নতুন ব্যবসা

গতকাল রাতে ঘটেছে ঘটনাটা। নয় কোটি টন প্লাটিনাম সমৃদ্ধ একটি গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে উড়ে গেছে। গবেষকেরা বলছেন, এই গ্রহাণুটিতে যে পরিমাণ মূল্যবান ধাতব পদার্থ রয়েছে তার মূল্য পাঁচ ট্রিলিয়ন ডলারের কম হবে না। এ ধরনের ‘ট্রিলিয়ন ডলার বেবি’ যখন এত কাছাকাছি রয়েছে তখন এ নিয়ে ব্যবসার সম্ভাবনা নিশ্চয়ই ব্যবসায়ীরা ধরতে পারছেন।
মহাকাশ পর্যবেক্ষণ সংস্থা স্লু কমিউনিটি অবজারভেটরির তথ্য অনুযায়ী, পৃথিবীর কাছাকাছি আসা মূল্যবান ধাতু প্লাটিনাম সমৃদ্ধ এই গ্রহাণুটির নাম ইউডব্লিউ-১৫৮। ১৫ লাখ মাইল দূর দিয়ে এটি পৃথিবীকে অতিক্রম করেছে যা পৃথিবীর নিকটতম গ্রহ থেকেও ৩০ গুণ কাছাকাছি। চাঁদের কক্ষপথের চেয়ে এটি ছয়গুণ দূরে থাকায় খালি চোখে এটি দেখা যায়নি।
উডব্লিউ-১৫৮ গ্রহাণু টিতে মূল্যবান প্লাটিনাম থাকার কথা বলেছে প্ল্যানেটারি রিসোর্সেস নামের একটি মার্কিন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি উডব্লিউ-১৫৮ এর মতো মূল্যবান গ্রহাণু থেকে খনিজ আহরণ করার ব্যবসা করতে চায়।
প্ল্যানেটারি রিসোর্সের গবেষকেরা উডব্লিউ-১৫৮ গ্রহাণুটিকে বলছেন ‘এক্স টাইপ’ অর্থাৎ তারা ভবিষ্যতে খনিজ আহরণের জন্য যে ধরনের গ্রহাণুর সন্ধান করছেন এটি তার একটি উৎকৃষ্ট উদাহরণ।
প্ল্যানেটারি রিসোর্সেস সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে আর্কেড থ্রি রিফ্লাইপ (আথ্রিআর) নভোযানের বিশেষ পরীক্ষা চালিয়ে সফল হয়েছে। এ ছাড়াও বেশ কিছু কারিগরি পরীক্ষা চালিয়েছে প্রতিষ্ঠানটি যাতে ভবিষ্যতে পৃথিবীর নিকটস্থ গ্রহাণু গুলোতে মূল্যবান খনিজের খোঁজ করা যায়।
গবেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার জন্য গ্রহাণু থেকে খনিজ আহরণ দারুণ কার্যকর একটি ব্যবসা হতে পারে। নাসার গবেষকেরা আশা করছেন, তাঁরা একটি গ্রহাণুর গতিপথ পরিবর্তন করে দেবেন যাতে সেটি চাঁদকে কেন্দ্র করে ঘুরতে পারে। ২০২৫ সাল নাগাদ নভোচারীরা সেখানে গিয়ে নমুনা সংগ্রহ করবেন বলেও আশা করছে নাসা।
নাসা বলছে, গ্রহাণুতে যেসব উপাদান হিমায়িত থাকে তা সংগ্রহ করা গেলে মহাকাশে পাঠানোর উপযোগী কাঠামো তৈরিতে কাজে লাগানো যেতে পারে। এ ছাড়াও রকেটের জ্বালানি হিসেবেও এই উপাদান কাজে লাগানো যাবে।
গবেষকেরা শুধু গ্রহাণু নিয়ে চিন্তাভাবনায় আটকে নেই, মূল্যবান ধাতবের সন্ধানে নভোযান পাঠিয়েছেন ধূমকেতুতেও। গত বছরের নভেম্বরে ধূমকেতু ৬৭-পি এর বুকে নামে নভোযান ফিলে। ধূমকেতু এখন সূর্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএর মূল নভোযান রোসেটা থেকে বিচ্ছিন্ন হয়ে ফিলে গত ১২ নভেম্বর ওই ধূমকেতুর পৃষ্ঠে অবতরণ করে। মহাকাশবিজ্ঞানের ইতিহাসে এটি ছিল এ ধরনের অভিযানে প্রথম সাফল্য। ভ্রাম্যমাণ গবেষণাগার হিসেবে ফিলে ওই ধূমকেতুর তথ্য-উপাত্ত সংগ্রহ করে পৃথিবীতে পাঠাচ্ছে। তবে সেখানে অবতরণের পর ফিলের ব্যাটারির শক্তি কমে আসায় পৃথিবীর সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়েছিল। তবে দীর্ঘ কয়েক মাসের নীরবতার পর ১৩ জুন এটি আবার সাড়া দেয়। (মিরর, স্কাই নিউজ, এএফপি)