কোড ওয়ারিওর চ্যালেঞ্জের নিবন্ধন শুরু

টানা চতুর্থবারের মতো শুরু হচ্ছে দেশের সবচেয়ে বড় প্রোগ্রামিং প্রতিযোগিতা ‘কোড ওয়ারিওর চ্যালেঞ্জ’। যাঁরা এ প্রতিযোগিতায় অংশ নিতে চান তাঁরা ২৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। নিবন্ধন শুরু হয়েছে ১০ ডিসেম্বর থেকে।
‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’ মেলার অংশ হিসেবে ‘কোড ওয়ারিওর চ্যালেঞ্জ’ নামের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) অঙ্গ প্রতিষ্ঠান বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এই প্রতিযোগিতার আয়োজন করছে। সহযোগিতায় রয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং বেসিস স্টুডেন্ট ফোরাম।
কোড ওয়ারিওর চ্যালেঞ্জের আহ্বায়ক ও বিআইটিএমের দায়িত্বপ্রাপ্ত পরিচালক শাহ ইমরাউল কায়ীশ বলেন, গতবারের মতো এবার ওয়েব অ্যাপ্লিকেশন ও মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বিভাগের প্রতিযোগিতা হবে। দুটি বিভাগেই কোম্পানি ও বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে প্রতিযোগিতা হবে। ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্ল্যাটফর্ম হিসেবে থাকছে পিএইচপি, ডট নেট ও জাভা। এ ছাড়া মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে থাকছে অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে http://codewarrior.bitm.org.bd সাইটে ভিজিট করে নিবন্ধন করতে হবে। একটি গ্রুপে চারজন করে অংশ নিতে হবে। সেরা দল নির্বাচিত হওয়ার জন্য প্রতিযোগীদের কয়েকটি ধাপ অতিক্রম করতে হবে। এমসিকিউ ও দুটি গ্রুমিং পর্ব শেষে টানা ৩৬ ঘণ্টার ফাইনাল বুটক্যাম্পের মাধ্যমে বিজয়ী ও বিজেতা দল নির্বাচন করা হবে। ওয়েব ও মোবাইল অ্যাপ্লিকেশন ক্যাটাগরিতে একটি করে কোম্পানি ও একটি করে বিশ্ববিদ্যালয় বিজয়ী ও রানার আপ নির্বাচিত হবে। এরপর ডিজিটাল ওয়ার্ল্ডের অ্যাওয়ার্ড নাইটে আনুষ্ঠানিকভাবে তাঁদের পুরস্কৃত করা হবে।