কোডার্সট্রাস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোডার্সট্রাস্টের লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রামে অংশ নেন শিক্ষার্থীরা
কোডার্সট্রাস্টের লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রামে অংশ নেন শিক্ষার্থীরা

১৮ ফেব্রুয়ারি দেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে কোডার্সট্রাস্ট নামের প্রতিষ্ঠানটি। কোডার্সট্রাস্ট বাংলাদেশ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) যৌথ আয়োজনে বুধবার রাজধানীর সোবহানবাগের স্টার্টআপ ঢাকা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় ‘কোডার্সট্রাস্ট লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রাম’। এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অব দ্য বোর্ড জান কায়ো ফাইবিগ। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৫০ জনের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কোডার্সট্রাস্ট লার্ন অ্যান্ড আর্ন প্রোগ্রামের অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কোডার্সট্রাস্ট বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আজিজ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। আরও উপস্থিত ছিলেন ঢাকা চেম্বার্স অব কমার্সের প্রেসিডেন্ট হোসাইন খালেদ এবং ডিআইইউর উপাচার্য লুত্ফর রহমান।
অনুষ্ঠানে জান কায়ো ফাইবিগ বলেন, কোডার্সট্রাস্ট ডেনমার্কভিত্তিক প্রশিক্ষণবিষয়ক একটি প্রতিষ্ঠান। এটি আন্তর্জাতিক শিক্ষা মডেল নিয়ে কাজ করছে। ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, কেনিয়া, ব্রাজিল, আর্জেন্টিনার মতো দেশগুলোতে যে মডেলে প্রশিক্ষণ দেওয়া হয়, বাংলাদেশেও সেই মডেলে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কোর্সের মেয়াদ ছয় মাসের। যেকোনো বয়সী, যেকোনো ক্ষেত্রের মানুষ এই সুবিধা নিতে পারেন এবং কোড শিখে আত্মনির্ভরশীল হতে পারেন।

জান কায়ো ফাইবিগ আরও বলেন, কোডার্সট্রাস্ট প্রোগ্রামে অংশ নিতে নিবন্ধন, পরীক্ষা ও নির্বাচন এই তিনটি ধাপ পেরোতে হবে। এই তিনটি ধাপ অনলাইনে। প্রাথমিক প্রশিক্ষণ শেষে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে শুরু হবে ছয় মাসের প্রশিক্ষণ। কোডার্সট্রাস্ট বর্তমানে দুটি মডেলে তাদের কর্মসূচি চালাচ্ছে। একটি মডেলে বিনা মূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে। তবে এতে তিন বছরের জন্য কোডার্সট্রাস্টের সঙ্গে চুক্তিবদ্ধ হতে হবে। এক মাসের প্রস্তুতি মোট ছয় মাসের মূল প্রশিক্ষণ মোট সাত মাসের বিনা মূল্যের প্রশিক্ষণ শেষে আয় করা শুরু হলে তা থেকে আয়ের ১০ শতাংশ কেটে রাখতে শুরু করবে প্রতিষ্ঠানটি। দ্বিতীয় মডেলটি হচ্ছে, সরাসরি ৪০০ ডলার খরচ করে কোডার্সট্রাস্ট থেকে প্রশিক্ষণ গ্রহণ করা, এতে লাভ দেওয়ার দরকার পড়বে না।

অনুষ্ঠানে জান কায়ো ফাইবিগ জানান, ২০১৮ সালের মধ্যে ৪০ হাজার তরুণ কোডিং প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে কোডার্সট্রাস্ট। দেশের বিভিন্ন অঞ্চলে কোড শেখার প্রশিক্ষণকেন্দ্র তৈরির কথাও জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, ‘আমরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি তৈরি করতে কাজ করছি। ডিজিটাল বাংলাদেশ রূপকল্পের সঙ্গে কোডার্সট্রাস্টের দৃষ্টির মিল থাকায় দক্ষ মানবসম্পদ তৈরিতে কোডার্সট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কোডিং শেখানোর মাধ্যমে দেশের তরুণদের কর্মসংস্থান তৈরির উদ্যোগটি প্রশংসনীয়।’
অনুষ্ঠানে ডিআইইউতে কোডার্সট্রাস্টের প্রশিক্ষণকেন্দ্র খোলার কথা জানান ডিআইইউর উপাচার্য লুত্ফর রহমান।