কোনটি আকর্ষণীয় হবে, আইফোন ৭ নাকি ৮?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইফোন ৮ এ রকম হতে পারে।
আইফোন ৮ এ রকম হতে পারে।

এ বছরই বেশ কিছু উন্নত ফিচার নিয়ে আসবে আইফোন ৭। আগামী বছরের জন্য ভিন্ন এক পরিকল্পনা সাজিয়ে রেখেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ২০১৭ সালে সম্পূর্ণ নতুন এক আইফোন হাজির করতে পারে প্রতিষ্ঠানটি।
আগে দেখে নেওয়া যাক, আইফোন ৭-এ কী আনতে যাচ্ছে অ্যাপল। সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত দুটি প্রতিবেদনে নতুন আইফোনের বিস্তারিত তথ্য উঠে এসেছে। আগামী ৭ সেপ্টেম্বর আইফোন ৬ বা ৬ এসের অনুরূপ আইফোন ৭ আনতে পারে অ্যাপল। নতুন এই আইফোনে ডুয়াল ক্যামেরা সিস্টেম, চাপ সংবেদনশীল হোম বাটনের মতো ফিচার আসবে।
আইফোন ৮ কেমন হবে? অ্যাপলের ভবিষ্যতের পণ্য হিসেবে ভাবা হচ্ছে আইফোন ৮-কে। জাপানের বৃহত্তম সংবাদপত্র নিক্বেইয়ের প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে আইফোনের দশকপূর্তি হতে যাচ্ছে। আইফোনকে নতুন নকশায় দেখা দিতে পারে ওই বছর। এতে যুক্ত হতে পারে সম্পূর্ণ কাচের তৈরি কাঠামো। এই গ্লাস কেসিং তৈরিতে কাজ করতে পারে অ্যাপল পণ্যের নির্মাণ সহযোগী ফক্সকন।
তাইওয়ানে অ্যাপলের যন্ত্রাংশ সরবরাহকারী এক সূত্রের বরাতে নিক্কেই বলেছে, গত বছর থেকে ফক্সকন গ্লাস চেসিস তৈরির কাজ শুরু করেছে।
এ ছাড়া গুঞ্জন উঠেছে, বর্তমান এলসিডি প্যানেল থেকে অ্যাপল ওএলইডি ডিসপ্লে ব্যবহার শুরু করবে। এ ছাড়া বাঁকানো ডিসপ্লেযুক্ত আইফোন তৈরিও করতে পারে অ্যাপল। বাজার গবেষণা প্রতিষ্ঠান ক্যানালিসের বিশ্লেষক রুশাবা দোশি বলেন, আইফোন ৮-এর জন্য হার্ডওয়্যার উন্নত করার পাশাপাশি নতুন সফটওয়্যার ও সেবা তৈরি করবে অ্যাপল। উন্নত আর্টিফিশাল ইনটেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখা যেতে পারে এতে।
অবশ্য নতুন আইফোনের গুঞ্জন নিয়ে অ্যাপল বা ফক্সকনের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। তথ্যসূত্র : বিজিআর।