
চ্যানেল আই সেরাকণ্ঠবিজয়ী সংগীতশিল্পী কোনাল। তাঁর মা গৃহিণী সায়মা মনির। গানের টানে কোনাল বাংলাদেশে থাকলেও তাঁর পরিবারসহ মা থাকেন কুয়েতে। ২০ জুন মেয়ের কাছে এসেছেন সায়মা মনির। আজ দুই প্রজন্মের এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা জানা যাক।
১. অবসর কাটে যেভাবে
কোনাল: গান শুনে, রান্না করে, ছবি আঁকা বা বই পড়ে।
মা: টিভি দেখে, গান শুনেই কেটে যায় অবসর।
২. পছন্দের খাবার
কোনাল: যেকোনো খাবারই খাই। তবে দেশীয় খাবারে বেশি মজা পাই। ভাত খেতে ভালো লাগে।
মা: গরুর মাংস, ভাত। আর শুঁটকি ভালো লাগে।
৩. যে পোশাক বেশি ভালো লাগে
কোনাল: শাড়ি আমার পছন্দের পোশাক।
মা: বেশি পরি সালোয়ার-কামিজ। তবে শাড়িও আমার ভালো লাগে।
৪. ভ্রমণে প্রিয় জায়গা
কোনাল: প্যারিস আর ইতালির ভেনিস—এ দুটি জায়গা আমার খুব দেখার ইচ্ছা। তবে যতগুলো দেশ ঘুরেছি তার মধ্যে বাংলাদেশই সেরা আমার কাছে।
মা: নিজের দেশ, এরপর কুয়েত খুব ভালো লাগে।
৫. পত্রিকায় সবার আগে যা পড়া হয়
কোনাল: প্রথম আলোর নতুনের জানালা ও বিনোদন এ দুটি পাতা বেশি পড়ি।
মা: অনলাইনে হোক আর দেশে হাতে পত্রিকা নিয়ে হোক, সবার আগে প্রথম পাতা আগে পড়ি।
৬. পছন্দের গ্যাজেট
কোনাল: আইফোন। এটা আমার অনেক পছন্দের।
মা: টিভি আমার পছন্দের।
৭. রেগে গেলে যা করি
কোনাল: রেগে গেলে আমি কেনাকাটা অথবা রান্না করি। এতে রাগ কমে যায়।
মা: গান শুনতে অথবা নিজে একটু গান গাইতে চেষ্টা করি।
৮. টিভিতে যা দেখি বেশি
কোনাল: মাস্টার সেফ। এটা আমি মিস করতে চাই না।
মা: রিয়েলিটি শোগুলো বেশি দেখি। যদিও এসএমএসের কারণে ভালো কেউ বাদ পড়লে খারাপ লাগে। আর খবর দেখি।
৯. যে গান শুনতে ভালোবাসি
কোনাল: জ্যাজ, রবীন্দ্রনাথের গান এগুলো আমার অনেক ভালো লাগে।
মা: দেশের গান শুনতে বেশি পছন্দ করি। এ ছাড়া মাকে নিয়ে কোনো গান শুনলে আবেগাপ্লুত হয়ে পড়ি।
সাক্ষাৎকার: হাসান ইমাম