কোরিয়া কাব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোরিয়ায় অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে লেখক (ডানে)
কোরিয়ায় অন্য দেশের শিক্ষার্থীদের সঙ্গে লেখক (ডানে)

১ থেকে ৮ সেপ্টেম্বর। স্বপ্নের মতো ছিল দিনগুলো। আর সে স্বপ্নের সুতো বোনা শুরু তারও আগে, যেদিন জানতে পারি এশিয়ার ১১টি দেশের ১৭ জন তরুণের একজন আমি। বলছিলাম এশীয় দেশগুলোর তরুণদের নিয়ে আয়োজিত সপ্তম ‘এশিয়ান ইয়ুথ ওয়ার্কার্স ট্রেনিং’য়ের কথা, যেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সৌভাগ্য হয়েছিল আমার। দক্ষিণ কোরিয়ার রাজধানী সৌলে (সিউল নামেও পরিচিত) ১ থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই প্রশিক্ষণের। এই প্রশিক্ষণের আয়োজন করেছিল কোরিয়া ইয়ুথ ওয়ার্ক এজেন্সি, যা কোরিয়ার মিনিস্ট্রি অব জেন্ডার অ্যান্ড ইকুইটির একটি অঙ্গসংগঠন।

কোরিয়ায় আমার প্রথম দিনটি কেটেছে আগত বন্ধুদের সঙ্গে পরিচিত হয়ে আর আসন্ন দিনগুলোর কর্মপরিকল্পনা নিয়ে আয়োজকদের সঙ্গে আলাপ করে। পরদিন থেকে শুধুই বিস্ময়। আর সে বিস্ময়ের শুরু মিনিস্ট্রি অব জেন্ডার ইকুইটির মন্ত্রী যখন স্বয়ং আমাদের উপহার দিয়ে অভ্যর্থনা জানান। পরে তিনি কোরিয়ার ইয়ুথ পলিসি নিয়ে বিস্তারিত ধারণা দেন আমাদের। আমরাও নিজ দেশের তরুণদের উদ্যোগ ও সীমাবদ্ধতার কথা বলি।

রাজকীয় ভোজের কথা অনেক শুনেছি। আর সেই কথায় মনে উঁকি দিল কোরিয়ান সরকারের বিশেষ ভোজ আয়োজনে উপস্থিত হয়ে। আমাদের দ্বিতীয় দিনটি ছিল সাংস্কৃতিক বিনিময়ের। সেদিন আমরা নিজেদের দেশের পোশাক পরি এবং নাচ, গান, ছবি, কবিতা ইত্যাদির মাধ্যমে নিজ দেশের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরি। আমারও জানার সুযোগ হলো অন্যদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে, যা এক অন্য রকম অভিজ্ঞতা। আনন্দমুখর সেই দিনে ইয়ুথ ক্যাম্পে অংশ নেওয়ার জন্য আমরা যাই চেওনান শহরে। ক্যাম্পের তিন দিন কেটেছে নানা কিছু শেখার মধ্য দিয়ে। তার মধ্যে যেমন শিখেছি কোরিয়ান বাদ্যযন্ত্র বাজানো, তেমনি বেশ উপভোগ করেছি কোরিয়ান ভাষা শেখার পর্বটিও। আর ছিল প্রতিটি দেশের প্রতিনিধিদের নিয়ে কোরিয়ান বিখ্যাত এক খেলা ‘জেগিচেগি’র প্রতিযোগিতা।

চেওনান থেকে যেদিন ফের ফিরে আসি সৌলে, মনের মধ্যে তখন বেজে উঠেছে বিদায়ের সুর। সেই সুরকে পাশ কাটিয়ে ঘুরে দেখি ইনডিপেনডেন্ট হল অব কোরিয়া। যেখানে গিয়ে জানতে পারি কোরিয়ার গৌরবোজ্জ্বল ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে। কৃতজ্ঞতা কোরিয়ান সরকার ও ক্যাথেপ্যাসিফিক এয়ারলাইনসকে, তাদের আয়োজন ও আতিথেয়তার জন্য। ক্যালেন্ডারের পাতায় তখন ৮ সেপ্টেম্বর। নানা আয়োজনের মধ্যে আমরা তুলে ধরি নিজ দেশের বর্তমান অবস্থা, সমাজের তরুণদের চালচিত্র ও নিজেদের প্রকল্পের কথা। আর সেদিনই পথ ধরি প্রিয় মাতৃভূমির উদ্দেশে।