কোয়ার্টি কি-বোর্ড বিদায়! (ভিডিও)
গুগল বোকা বানানোর জন্য ১ এপ্রিলে বেশ মজার নকল কিছু পণ্য তৈরি করে। এবার কোয়ার্টি কি-বোর্ডের বিকল্প ‘জিমেইল ট্যাপ’ প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোতে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। গুগলের একটি ভিডিওতে দেখা গেছে, মোবাইলে ব্যবহূত ‘কোয়ার্টি’ কি-বোর্ডের বিকল্প ‘জিমেইল ট্যাপ’ পদ্ধতি উদ্ভাবন করেছেন গুগলের প্রকৌশলীরা! গুগলের দাবি, টাইপ করার ক্ষেত্রে জিমেইল ট্যাপ হয়তো কোয়ার্টির বিদায়ঘণ্টা বাজিয়ে দেবে! এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, জিমেইল ট্যাপ নামের টাইপ করার নতুন পদ্ধতি উদ্ভাবনের এ তথ্য ১ এপ্রিল এক ব্লগ পোস্টে উল্লেখ করেছে গুগল। নিছক বোকা বানানোর জন্যই এ পণ্যটি তৈরি করেছে গুগল। ইউটিউবে পোস্ট করা এক ভিডিওতে জিমেইল ট্যাপের পুরো পদ্ধতিটি সম্পর্কে বিস্তারিত জানিয়েছে তারা। জিমেইল ট্যাপ পদ্ধতিতে মোবাইলে কি-বাটন ব্যবহারের পরিবর্তে মাত্র দুই আঙুলের সাহায্যে টাইপ করা যাবে। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘ডিভাইসের মাত্র দুই ইঞ্চি জায়গার মধ্যে পুরো কি-বোর্ড স্থাপন করা হয়েছে, যা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসে ব্যবহার করা যাবে! গুগল জানিয়েছে, জিমেইল ট্যাপে মাত্র দুটি কি-তে পুরো কি-বোর্ড রূপান্তর করা হয়েছে। আর এ প্রক্রিয়া তৈরি হয়েছে টাচ ডিভাইসের জন্য স্যামুয়েল মোরস উদ্ভাবিত মোরস কোড ‘ডট ও ড্যাশ’ ব্যবহার করে। মোরস কোড থেকে জিমেইল ট্যাপ পদ্ধতি উদ্ভাবন করতে কাজ করেছেন স্যামুয়েল মোরসের আত্মীয় রিড মোরস!