কোয়ালকমের অবৈধ চর্চা শিল্পকে আঘাত করেছে: অ্যাপল
মুঠোফোনের জন্য বিশ্বের সবচেয়ে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকমের বিরুদ্ধে গত মঙ্গলবার ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অভিযোগের হালনাগাদ পেশ করেছে অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেড। সেখানে অ্যাপল অভিযোগ করেছে, প্রতিষ্ঠানটি তাদের উদ্ভাবনকে ব্যাহত করছে। অ্যাপল বিবৃতিতে জানায়, কোয়ালকম অবৈধভাবে ব্যবসা করায় অ্যাপল এবং পুরো শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অ্যাপল যুক্তি উপস্থাপন করছে যে আইফোন তৈরির জন্য অ্যাপলের ততটুকুই অর্থ পরিশোধ করা উচিত, কোয়ালকম যতখানি রেডিও চিপ-সংক্রান্ত প্রযুক্তি সরবরাহ করে থাকে। এ বিষয়ে কোয়ালকমের মন্তব্য, যে পরিমাণ অর্থের কথা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি খরচ হয় একটি চিপ তৈরিতে।
কোয়ালকমের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল কাউন্সিল ডন রোজেনবার্গ বলেন, প্রতিটি আইফোনের হৃদয়ে রয়েছে কোয়ালকমের উদ্ভাবন। যার জন্য ওই সব যন্ত্রের ব্যবহার গুরুত্বপূর্ণ হয়েছে এবং নতুন সুবিধাও যোগ করা গেছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে সংযোগ, উচ্চ গতির ডেটা আদানপ্রদান এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) নেভিগেশন। রোজেনবার্গ আরও বলেন, এটা অসত্য যে কোয়ালকম অ্যাপল থেকে এমন অর্থ নেওয়ার চেষ্টা করছে, যেখানে অ্যাপলের সঙ্গে কোয়ালকম প্রযুক্তির কোনো সম্পর্কই নেই।
কোয়ালকম বিশ্বের সবচেয়ে বড় মুঠোফোন চিপ সরবরাহকারী প্রতিষ্ঠান। এ ছাড়া কোয়ালকম মুঠোফোনকে সেলুলার নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করতে মানদণ্ডও ঠিক করে দেয়। প্রতিষ্ঠানটির আয়ের উল্লেখযোগ্য অংশ আসে লাইসেন্স ব্যবসা থেকে। থ্রিজি এবং ফোরজি প্রযুক্তির মুঠোফোনের আইপি বা ইন্টারনেট প্রোটোকল রয়েছে কোয়ালকমের। অর্থাৎ কোনো মুঠোফোন উৎপাদনকারী যদি তাদের ফোন নেটওয়ার্কে যুক্ত করতে চায়, তাহলে কোয়ালকমকে লাইসেন্স ফি দিতে হবে। তারা যদি কোয়ালকমের চিপ না-ও ব্যবহার করে, তবু লাইসেন্স ফি দিতে হবে।
এ বছরের জানুয়ারিতে অ্যাপল যুক্তরাষ্ট্রে কোয়ালকমের বিরুদ্ধে মামলা করে। অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটি এর প্রযুক্তির জন্য ন্যায্য লাইসেন্স সুবিধা দিচ্ছে না। এপ্রিলে এসে কোয়ালকম বলেছিল, তাদের মৌলিক সেলুলার প্রযুক্তির ওপর বিশ্বাস না করলে কোনো মুঠোফোন নেটওয়ার্কে সংযুক্ত করা সম্ভব হবে না, এমনকি আইফোনও। অ্যাপলের বর্তমান দাবি, কোয়ালকমের লাইসেন্স মডেল ফ্লিপ ফোনের জন্য উপযুক্ত এবং তা বর্তমান স্মার্টফোনের জন্যও প্রয়োগ করতে হবে। কোয়ালকম অবশ্য আশা করছে, তারা আইনি লড়াইয়ে জিতবে।
মারিফুল হাসান, সূত্র: সিনেট