
স্কুলজীবনে গান গেয়ে শিক্ষকের মারের হাত থেকে রক্ষা পাওয়া ছেলেটি আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সবার প্রিয়। ছেলেটিকে ক্যাম্পাসের যেখানেই দেখা যায়, সেখানেই থাকে ছেলেমেয়ের জটলা। কেউ গিটার নিয়ে আসে টিউন করতে, আবার কেউ আসে দুই লাইন গান শুনতে। যাকে ঘিরে ছেলেমেয়ের এই উদ্দীপনা তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন কৌশিক খাঁ।
কৌশিক ২০১২ সালের ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ অনুষ্ঠানে ১১তম স্থানে ছিলেন। সে সময় ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের বন্ধুরা শহর ও শহরতলির অলিগলিতে প্রচার চালিয়ে কৌশিকের জন্যে খুদে বার্তা সংগ্রহ করেছেন। এ ছাড়া ২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের আন্তবিভাগীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় আধুনিক, নজরুল ও লোকগানে চ্যাম্পিয়ন, ২০০৮ সালে শিল্পীকল্যাণ ফাউন্ডেশনের সংগীত প্রতিযোগিতায় জুনিয়র গ্রুপে আধুনিক, নজরুলসংগীতে প্রথম ও দেশের গানে দ্বিতীয় হন। এর বাইরে স্কুল ও কলেজজীবনে বিভিন্ন ধরনের গানের প্রতিযোগিতার নানামুখী পুরস্কার জমা হয়েছে তাঁর থলিতে।
কৌশিক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বাবা গোপাল খাঁ অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা। মা রমা খাঁ গৃহিণী। বাড়ি যশোর শহরের বেজপাড়া এলাকায়।
কৌশিক জানান, বাবার কাছেই তিনি প্রথম রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের তালিম নিয়েছেন। দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময়ে শহরের সবচেয়ে প্রাচীন সংগঠন সুরবিতান সংগীত একাডেমির শিশু বিভাগে ভর্তি হন। বর্তমানে শহরের অকটেভ মিউজিক একাডেমি নামে ব্যান্ড গানের একটি প্রতিষ্ঠানে ১৫ জনের একটি দলকে গিটারের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।
ক্যাম্পাসে গানের আড্ডা সম্পর্কে কৌশিক বলেন, ‘সাধারণত দেড়টার দিকে অধিকাংশ বিভাগের ক্লাস শেষ হয়ে যায়। এ সময় আমরা বন্ু্লরা মিলে গানের টিউন করতে শুরু করলে মুহূর্তে ২০-৩০ জন জড়ো হয়ে যায়। এখন তো ক্যাম্পাসের অনেকের হাতেই গিটার দেখা যায়, এটা আমার ভালোই লাগে।’
কৌশিকের চাওয়া, ‘আমি পরিশ্রম করে যেতে চাই। মূল্যায়নের বিষয়টা শ্রোতার হাতে। আমি বাংলা গানের একজন জনপ্রিয় শিল্পী হতে চাই।’