ক্যাঙারু বাঁহাতি!
অস্ট্রেলিয়ার জংলি ক্যাঙারু খাওয়া-দাওয়া, আত্মপরিচর্যা ও অন্যান্য কাজে নিজেদের বাঁ হাত ব্যবহার করে। অধিকাংশ ক্যাঙারুই বাঁহাতি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার তাসমানিয়া ইউনিভার্সিটির একদল গবেষক এমনটিই দাবি করছেন। এ বিষয়ে তাঁদের গবেষণা প্রতিবেদনটি কারেন্ট বায়োলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ফলে ক্যাঙারুদের আচরণ নিয়ে নতুন তথ্যের পাশাপাশি স্তন্যপায়ী প্রাণীর একটি অভিন্ন বৈশিষ্ট্যও আলোচনায় এল। গবেষকেরা বলছেন, ক্যাঙারুর মতো প্রাণী কোনো একটি হাত বেশি ব্যবহার করবে—এটা তাদের কাছে অপ্রত্যাশিত ছিল। নতুন এই তথ্য জানার ফলে দুই পা-ওয়ালা প্রাণীর মস্তিষ্কের গঠন ও ক্রমবিকাশ নিয়ে নতুন গবেষণার সুযোগ তৈরি হয়েছে। তৃণভোজী ক্যাঙারুদের পা অত্যন্ত শক্তিশালী, পায়ের পাতা বড় এবং লেজ পেশিযুক্ত ও লম্বা। এরা দুই পায়ে লাফিয়ে লাফিয়ে চলে এবং ঋজু অবস্থানের কারণে মুক্তভাবে দুই হাত ব্যবহার করতে পারে। রয়টার্স।