ক্যাজুয়াল পোশাকেই ঈদের দিন: নিশো

আমার ঈদের দিনটা তিন পর্বে ভাগ করে নিতে হয় এখন। সকালে স্ত্রীর সঙ্গে আমাদের বাসায়, এরপর বিকেল ও রাতে আমার মা-বাবা ও শ্বশুর-শাশুড়ির বাসায়। এর ফাঁকে বন্ধুদের সঙ্গে টুকটাক দেখা করা, কেউ বাসায় এলে তাদের সঙ্গে আড্ডা—এই তো। ঈদে আমার আলাদা করে পোশাক কেনা হয় না। প্রয়োজনমতো পোশাক কিনি। তখন ঈদের কথা মনে হলে নতুন একটা হয়তো তুলে রাখলাম। তবে আমার স্ত্রী, মা-বাবা, শ্বশুরবাড়ি বা ভাইবোনদের থেকে হয়তো এবারও উপহার পাব। সেগুলোও পরা হয় ঈদের দিন। এবার ঈদে সকালে পরব পাঞ্জাবি। একটা পাঞ্জাবি কেনা হয়েছে। ছাই রঙের মধ্যে কাঁথার ফোঁড়ের মতো নকশা। এর সঙ্গে থাকবে কালো পাজামা। পায়ে ফ্ল্যাট একটা স্যান্ডেল পরব। চুলটা একটু বড় আর অনেকটা অগোছাল স্টাইলে রাখব। হাতে হয়তো পরব সোনালি রঙের মার্ক ইকো ঘড়িটা। ঈদের দিন ক্যাজুয়াল পোশাকই আমার কাছে বেশি আরামের। তাই সকাল বাদে অন্য সময় হয়তো টি-শার্ট বা শার্ট পরব। মোট কথা, ঈদে আমি আরামটাই প্রাধান্য দিই। হোক সে পোশাকে, খাবারে বা বেড়াতে। ঈদের দিন অনেক খাবার খাই। তবে মায়ের হাতের সেমাইটা খুব পছন্দ। আমার শাশুড়ি ভালো পায়েস রান্না করেন, সেটাও ভালো লাগে ঈদের দিন। এর বাইরে পোলাও নয়, বরং ইলিশ-খিচুড়ি খেতে পছন্দ করি। গরুর মাংস, দেশি মোরগ, মাছ—এগুলো মজা করে খাই। ঈদের সময় রাস্তা ফাঁকা থাকে, তাই বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে। হয়তো স্ত্রীকে নিয়ে সাভারে শ্বশুরবাড়িতে গেলাম। ব্যস, হয়ে গেল ‘লং ড্রাইভ’।