ক্যাডেট রস

ক্যাডেট কলেজে প্রজেক্টরের মাধ্যমে ক্যাডেটদের বিশ্বকাপের খেলা দেখানো হচ্ছে। খেলায় বাংলাদেশের প্রতিপক্ষের এক ব্যাটসম্যান আউট হওয়ার পরও আম্পায়ার আউট দিলেন না! ফলে কয়েকজন ক্যাডেট
চিৎকার–চেঁচামেচি শুরু করে দিল। এক দিন পর কলেজ কর্তৃপক্ষ তাদের শাস্তির ব্যবস্থা করল। কারণ হিসেবে বলা হলো, ‘এরা আম্পায়ারের সিদ্ধান্ত মানেনি, ঘাড়ত্যাড়ামি করেছে।’
এক স্টাফ ফাঁকিবাজ ক্যাডেট তাসনিমের নামে ওপরমহলে লিখিতভাবে নালিশ করতে চাইলেন। কিন্তু সমস্যা হলো, তিনি তাসনিমের নাম জানতেন না। ফলে তাসনিমকে ডেকে জিজ্ঞেস করলেন, ‘এই ছেলে, তোমার নাম কী?’ তাসনিম বলল, ‘শাহেদ।’ পরদিন শাহেদের নামে শাস্তির আদেশ এল। কিন্তু সমস্যা হলো, শাহেদ নামের কোনো ক্যাডেট তখন কলেজে একজনও নেই। অন্য স্টাফরা তা নিয়ে খুব হাসাহাসি করতে লাগলেন। তাঁদের হাসি দেখে স্টাফ খেপে গেলেন, ‘আরে ভাই, আমি নিজে গতকাল ক্যাডেট শাহেদের সাথে কথা বলেছি! ও বোকা নাকি যে নিজের নামটা ভুল বলবে!’
ক্যাডেট জাভেদ নতুন কলেজ প্রিফেক্ট, মানে কলেজ অধিনায়ক হয়েছে। অধিনায়ক হওয়ার সন্ধ্যায় এক স্যার ওকে ডাকতে এলেন, ‘জাভেদ, জাভেদ আছ?’ জাভেদ কোনো উত্তর না দিয়ে শুয়েই রইল। স্যার চিৎকার করে ডাকতে লাগলেন, ‘কলেজ প্রিফেক্ট, এই কলেজ প্রিফেক্ট!’ জাভেদ কোনো কথা না বলে মটকা মেরে শুয়ে রইল। জাভেদের রুমমেট তার বিছানার পাশে গিয়ে বলল, ‘কী ব্যাপার, স্যার “কলেজ প্রিফেক্ট কলেজ প্রিফেক্ট” বলে চেঁচিয়ে পুরো হোস্টেল মাত করছেন, আর তুই জবাবই দিচ্ছিস না যে!’ জাভেদ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, ‘আহা, ডাকুক না কিছুক্ষণ, সবাই আবার শুনুক, আমি কলেজ প্রিফেক্ট হয়েছি!’