ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: শিখা
আঁকা: শিখা

হাঁটাচলার সময় কোনো কারণে সিনিয়র ক্যাডেটদের গায়ে হাত বা পা লেগে গেলে সরি তো বলতেই হয়; কপাল খারাপ থাকলে জুটে যেতে পারে বাড়তি শাস্তি। একদিন ক্যাডেট মেহেদীকে কী এক অপরাধে যেন রেগে গিয়ে কষে একটা চড় বসিয়ে দিলেন সিনিয়র আশিক ভাই। মেহেদী হতভম্ব হয়ে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর আশিক ভাইয়ের কয়েকজন ব্যাচমেট এসে মেহেদীকে এক ঘণ্টা শাস্তি দিলেন। মেহেদী মিনমিন করে বলল, ‘ভাইয়া, আমি তো কিছু করিনি!’ আশিক ভাইয়ের এক ব্যাচমেট রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, ‘করিসনি মানে? কত বড় সাহস তোর? আশিকের হাত তোর গালে লাগার পরও তুই সরি বলিস নাই! আবার বলিস, অপরাধ করিনি!’
হোস্টেলের বারান্দা ধরে হাঁটার সময় আমি মাঝে মাঝে গান গাইতাম। বাথরুমে তো বটেই। গানের কথা ও সুরের বিকৃত ব্যবহারে বন্ধুরা প্রচণ্ড বিরক্ত হলেও আমার কাছে মনে হতো, আমি ভালোই গাই। সঠিক মূল্যায়নের অভাবে মঞ্চে গাওয়া হচ্ছে না। যা হোক, সেদিন গান গাইতে গাইতে হাঁটছিলাম, হোস্টেলের সাংস্কৃতিক অধিনায়ক হাসান ভাই ডাক দিলেন। ভয়ে ভয়ে তাঁর রুমের জানালার সামনে গিয়ে দাঁড়ালাম। হাসান ভাই মোলায়েম কণ্ঠে বললেন, ‘হোস্টেলের হয়ে মঞ্চে গাইতে চাও?’ শুনে ভাবলাম, যাক, এত দিন পর আমার গানের মূল্য কেউ বুঝল! খুশি হয়ে বললাম, ‘সুযোগ দিলে চেষ্টা করব, ভাইয়া।’ হাসান ভাই বললেন, ‘গুড, তাহলে কথা দাও, হোস্টেলের বারান্দায় আর জোরে জোরে গান গাইবে না!’
সেদিন এক বন্ধু বলল, ‘দোস্ত, “ক্যাডেট রসে” তুই মাঝে মাঝে প্রচলিত হাসির কৌতুক ব্যবহার করিস কেন?’

আমি বললাম, ‘প্রচলিত কোনো কান্নার কৌতুক খুঁজে পাই না যে!’