ক্যাডেট রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* শাকিল ও তার বন্ধু নাঈম গেল হাউস অধিনায়ক জায়েদ ভাইয়ের কাছে। এমনি এমনি যে গেছে তা নয়। কিছুদিন ধরে নাকি জায়েদ ভাই নাঈমের ওপর খুব রেগে ছিলেন। কোনো অন্যায় না করার পরও মাঝে মাঝে নাকি শাস্তিও দিয়েছেন। সেটার একটা সহজ সুরাহার জন্যই শাকিলের সেখানে যাওয়া। জায়েদ ভাই আবার শাকিলের আত্মীয়। জায়েদ ভাই ওদের দেখেই খেপে গেলেন, ‘ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?’ নাঈম বলল, ‘ও কিছু করেনি, ভাইয়া। ও আমার সঙ্গে এসেছে।’
জায়েদ ভাই গলা উঁচু করে বললেন, ‘চুপ থাকো, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করিনি, ওকে জিজ্ঞেস করেছি।’
* সাব্বির, ক্যাডেট কলেজে আমার কাছের বন্ধুদের একজন। উল্টা–পাল্টা কিছু করলেই কলেজ প্রশাসনের হাতে ধরা পড়ে যেত ও। একসময় তো ওর নামই হয়ে গেল ‘ধরা’। একবার আমরা সিদ্ধান্ত নিলাম, রাতে কলেজের গাছ থেকে আম চুরি করব। যারা যাচ্ছিলাম, সবাই মিলে ঠিক করলাম কিছুতেই সাব্বিরকে নেওয়া যাবে না! নিলেই ধরা পড়া নিশ্চিত। সাব্বির অভিমান করে বলল, ‘আমাকে নিবি না তোরা? আমি গেলে কিছু করতাম না, শুধু সমস্যা হলে হেল্প করতাম।’ শাহরিয়ার অকপটে বলল, ‘সে ক্ষেত্রে তোর আসতে হবে না। সমস্যা হলে তোর কথা মনে করলেই হবে। ভাবব, তোর চেয়ে তো বড় কোনো সমস্যা আসতে পারে না। আর সঙ্গে সঙ্গে ওখানকার ছোটখাটো সমস্যাগুলো আমাদের কাছে তেমন কোনো সমস্যা বলেই মনে হবে না।’

* ক্যাডেট কলেজে শুক্রবার সকালের নাশতার পর চাইলে খেলাধুলা করা যায়। না চাইলে রুমেও থাকা যায়। নাজিম নাশতার পর রুমে গিয়ে ড্রেস বদলে বের হতে যাচ্ছে। এমন সময় তার বন্ধু সুফিয়ান বলল, ‘দোস্ত, আজ ভলিবল খেলতে না গেলে হয় না? বসে বসে একটু আড্ডা দেওয়া যেত। তুই খেলতে গেলে আমি একা একা খুব বোর হয়ে যাব!’ নাজিমের উত্তর, ‘তা তুই কি চাস, আমরা দুজন মিলে বোর হই?’