ক্যাডেট রস
* ক্লাসে স্যার আসছিলেন না। ভীষণ হাউকাউ। তাই হাসান ডিপার্টমেন্টে গেল স্যারকে ডেকে আনতে। গিয়ে পেল জাহাঙ্গীর স্যারকে। বলল, ‘স্যার, প্লিজ, একটু ক্লাসে আসেন! আপনি এলে ক্লাসটা ঠান্ডা হবে।’ স্যার বললেন, ‘মানে কী? আমি বরফ নাকি?’
* স্যার রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করলেন, ‘তোমাকে গতকাল কোথায় যেন দেখেছি?’ ক্যাডেট সানি তার চেয়েও রাশভারী কণ্ঠে বলল, ‘স্যার, আমি তো গতকাল কলেজ পালিয়ে যাত্রা দেখতে গিয়েছিলাম। সেখানেই...!’ স্যার আতঙ্কিত মুখে চারদিকে তাকিয়ে বললেন, ‘আস্তে...আস্তে! এটা এত জোরে বলার কী আছে! যাও, নিজের কাজ করো।’
* ক্যাডেটদের মাঝেমধ্যেই গণহারে নানা ঝোঁক চাপে। এই যেমন একটা টার্মে আমরা সব বিষয়ের শিক্ষকদের সংক্ষেপে ডাকা শুরু করলাম। বাংলার শিক্ষককে বাশি, ইংরেজির শিক্ষককে ইশি, আর ভূগোলের শিক্ষককে ভূশি। সেটা মোটামুটি সব স্যার জেনে গিয়েছিলেন। একদিন জামান স্যার ক্লাসে এসেই বললেন, ‘শোনো, কষ্ট হলেও তোমরা আমার নাম সংক্ষেপে ডেকো না, প্লিজ!’ জামান স্যার ছিলেন আমাদের হিস্ট্রির শিক্ষক...!
* বাস্কেটবল কোর্টে হাঁটতে গিয়ে পিছলে পড়েছিলেন কলেজের সবচেয়ে কড়া হাশেম স্যার। কোর্টে পড়েই চিৎকার করে ডাকাডাকি করছিলেন তিনি। অনেকেই ডাক শোনার পরও স্যারের কাছে যায়নি। এদের মধ্যে আমাদের ব্যাচের শাহরিয়ারও ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম, ‘স্যার পড়ে গিয়ে যখন ডাকছিলেন, তখনো গেলি না কেন?’
‘গেলেই যদি পড়া ধরে বসতেন!’ শাহরিয়ারের এককথায় জবাব।