ক্যাডেট রস
সিলেট ক্যাডেটে বাংলার এক স্যার ছিলেন। কবি কবি চেহারার। তিনি বলতেন, আমি আর কী লিখব? সবই তো রবিঠাকুর লিখে ফেলেছেন। অথচ ক্লাসে এসে আমাদের ঠিকই নানা বিষয়ে লিখতে দিতেন। আমরাও মন খুলে লিখতাম আর ভাবতাম, রবিঠাকুর এখনো তাহলে কিছু লেখা বাকি রেখে গেছেন আমাদের জন্য!
স্যারের কথায় আমরা অনেক কিছুই লিখেছি, কিন্তু কেউ কখনো একটা জিনিস লিখতে পারিনি। সেটা হলো শুদ্ধ লেখা। যে যা-ই লিখুক না কেন, তাতেই স্যার ভুল ধরতে পারতেন। একদিন নাজমুলের একটা লেখা দেখে স্যার বললেন, ‘এগুলো তুই কী লিখেছিস? কিছুই তো হয়নি, তুই তো এত গাধা নারে! সত্যি করে বল, কারটা দেখে লিখেছিস?’ নাজমুল ভয়ে ভয়ে বলল, ‘স্যার, বইয়েরটা দেখে লিখেছি।’ আমরা শব্দ করে হেসে উঠতেই স্যার একটা রাম ধমক লাগালেন, সবাই চুপ করে গেলাম। স্যারও নিজেকে সামলে নিয়ে বললেন, ‘যা সিটে যা, আর শোন, তোর বইয়ে কী সব ভুলভাল লিখে রেখেছে, সামনের ছুটিতেই বাড়ি গিয়ে নতুন বই কিনে আনবি।’
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ক্যাডেটদের ছুটি। অবশ্য ছুটির আনন্দ সবার কপালে সমানভাবে সয় না। যাই হোক, সেদিন বৃহস্পতিবার সন্ধ্যায় হঠাৎ আমার রুমে এল বন্ধু সাব্বির, ‘দোস্ত, তোর রং পেনসিলগুলো দে তো, সিনিয়র এক ভাই প্র্যাকটিক্যাল খাতা আঁকতে দিছে। ছুটিটাই মাটি হয়ে গেল!’
তিন-চার দিন পর ওকে দেখলাম ওই সিনিয়র ভাইয়ের রুমের দিকে যাচ্ছে। বলল, ‘আমার আঁকা ভাইয়ার খুব ভালো লাগছে। এখন নাকি আমাকে কী দেবে বলে ডেকে পাঠাইছে।’
আমি বললাম, ‘আমার রং পেনসিল দিয়া আঁকছিস দোস্ত, ভুইলা যাইস না; যা-ই পাস আমারে অর্ধেক দিস কিন্তু।’ ও বলল, ‘আচ্ছা।’
কিছুক্ষণ পর সাব্বির রুমে ফিরে আসতেই আমি বললাম, ‘দে দোস্ত, আমাকে আমার ভাগেরটা দে।’ সাব্বির নিজের কাছে দুইটা প্র্যাকটিক্যাল খাতা রেখে আমার দিকেও দুইটা বাড়িয়ে দিল, ‘এই নে দোস্ত, তোর ভাগেরটা—আগের আঁকা ভালো হওয়ায় এবার চারটা খাতা দিয়েছে, তিন দিনের মধ্যে এঁকে দিতে হবে।’
ক্যাডেট জনির সঙ্গে কথা বলছিলেন একজন করপোরাল, ‘তুমি তোমার জুনিয়র জাভেদকে এমন করে পেটালে অথচ তুমি বলছ তুমি সুশৃঙ্খল ক্যাডেট!’ জনি বলল, ‘ভুল কিছু তো বলিনি স্টাফ।’ করপোরাল তো অবাক, ‘তাহলে তুমিই বল এমন করে পেটালে কেন?’
জনি অকপটে জবাব দিল, ‘শৃঙ্খলা রক্ষার জন্য স্টাফ। ও তখন খুব বিশৃঙ্খল আচরণ করছিল, তারপর দিলাম দু-চার ঘা, ব্যস চুপ করে পড়ে গেল। বিশ্বাস করেন, ও রকম সুশৃঙ্খলভাবে আমি ওকে আর কখনো পড়তে দেখিনি।’
ক্যাডেট কলেজের খাওয়ার টেবিলে সবাইকে সব সময় নিজেদের নির্ধারিত জায়গায় বসতে হয়। ক্যাডেট শুভর পাশে তারই এক বন্ধু তারেক বসত। খাওয়ার আইটেমগুলো আগে তারেকের কাছে আসত, তারপর পেত শুভ। সমস্যা সেখানে নয়, সমস্যা হলো, তারেকের সাইজ একটু বেশি বড় হওয়ায় খাবারও বেশি নিয়ে নিত। শুভর ভাগে তাই কিছুটা কমই পড়ে যেত। সেটা ও সহ্য করে নিচ্ছিল। কিন্তু সমস্যা হলো একদিন, যেদিন সবাইকে একটা করে পিঠা দেওয়া হলো। শুভর আবার পিঠার প্রতি দুর্বলতা ছিল একটু বেশিই। সবশেষে পিঠা যখন মাত্র দুটিই রইল, তারেক নিয়ে নিল বড় পিঠাটা। পড়ে রইল আধভাঙা একটা পিঠা। বেচারা শুভ সেদিন আর রাগ না করে পারল না, ‘দোস্ত, তুই কিন্তু খুব অভদ্র।’
তারেক বলল, ‘দোস্ত অভদ্র হলাম কী করে? তুই আগে নিলে কোন পিঠাটা নিতি?’
: অবশ্যই ভাঙা পিঠাটা।
: তাহলে আর সমস্যা কী! ভাঙাটাই তো পেয়েছিস!
ইন্টার হাউস টুর্নামেন্টে আমাদের হাউসের একজন লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেল। ১০ জন নিয়ে আমরা কিছুতেই পেরে উঠছিলাম না। ৩-০ গোলে আমরা হেরে বসলাম। রাতে হাউসের শহিদ স্যার অফিসে ডেকে নিয়ে আমাদের ঝাড়ি দিচ্ছিলেন। স্যার প্রথমে মাসুদকে বললেন, ‘এই ছেলে, এমন করে কেউ হারে?’ মাসুদ বলে, ‘আমার কোনো দোষ নেই স্যার। আমি লাল কার্ড খেয়ে মাঠ থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমরা কোনো গোলই খাইনি।’
স্যার বললেন, ‘আবার মুখের ওপর কথা বলে! তোমাদের লজ্জা করল না এত বাজেভাবে হারতে?’
মুরাদ আমতা আমতা করে বলল, ‘স্যার, মাসুদ লাল কার্ড পাওয়ায় আমরা ১০ জন হয়ে গিয়েছিলাম তো...।’
: আবার কথা বলে? লজ্জা করে না?
তখনি কেউ একজন মিন মিন করে বলে উঠল, ‘স্যার, দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।’
সবাই হেসে উঠল। স্যার, ‘কে? কে?’ করে চেঁচালেন ঠিকই, কিন্তু আজ পর্যন্ত জানতে পারলেন না, কে? দ্য হু!