
বিশ্ববিদ্যালয়ের হল-ক্যানটিনের বিশেষ কিছু গুণাগুণ খুঁজে বের করেছেন মো. মিকসেতু
l প্রতিটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ মনে করে যে হলে থাকা ছাত্রদেরও খিদে লাগে, তাদেরও খাওয়া উচিত। ফলে তারা হলে একটা ক্যানটিনের ব্যবস্থা রাখে।
l ক্যানটিনে গরমকালে গরম খাবার এবং শীতকালে ঠান্ডা খাবার পাওয়া যায়। শীতকালে ভাত বা তরকারি গরম করে দিতে বললে তাদের অভিযোগ থাকে, ‘গ্যাস নাই।’
l ক্যানটিনের বাবুর্চি সম্ভবত অতিসৃজনশীল। প্রায়ই তিনি খাবার নিয়ে গবেষণা করেন এবং গিনিপিগ হিসেবে বেছে নেন হলবাসীদেরই।
l টমেটো কত উপকারী একটা সবজি, এটা প্রমাণ করার জন্য প্রায় প্রতিদিনই সব তরকারি টমেটো দিয়ে রান্না করা হয়। এই যেমন: মাছের সঙ্গে টমেটো, মুরগির মাংসে টমেটো, গরুর মাংসে টমেটো, মুড়িঘন্টের সঙ্গে টমেটো, টমেটোর চাটনি, টমেটোর সালাদ...।
l ক্যানটিনের রান্না খেলে বোঝা যায় কাঁচাবাজারে সবচেয়ে সস্তা সবজির নাম মরিচ!
l সবজি দিয়ে ভাত খাওয়ার পর বিল আসবে ৫০ টাকা। আপনি অবাক হওয়ার আগে ক্যানটিনের লোক জানাবে, ওটা সবজি ছিল না, শুঁটকির তরকারি ছিল। যদি বলেন, ‘শুঁটকি তো পাই নাই।’ তখন দাঁত বের করে বলবে, ‘কী যে কন মামা, বারো শ টাকা শুঁটকির কেজি। যে বাবুর্চি রান্না করছে সে নিজেই তো শুঁটকি দেখে নাই। আপনি দ্যাখবেন ক্যামনে!’
l পৃথিবীর সব বাবুর্চিই চেষ্টা করেন তাঁর রান্না যেন ভালো হয়, খেয়ে যেন মানুষ প্রশংসা করে। শুধু হলের ক্যানটিনের বাবুর্চি চেষ্টা করেন তাঁর রান্না যেন জঘন্য হয়। কেউ যেন পুরোটা খেতে না পারে! এবং তিনি তাঁর চেষ্টায় সব সময়ই সফল।
l কোনো কারণে একদিন রান্না ভালো লাগলে খুশি হওয়ার কারণ নেই। নিশ্চিত থাকতে পারেন, সেদিন বাবুর্চির মন খারাপ ছিল!
l ক্যানটিনের মালিক ক্যানটিনে খান না। কারণ জিজ্ঞেস করলে বলেন, তঁার আলসারের সমস্যা...
l ক্যানটিনের খাবার যারা দু-তিন দিন সহ্য করতে পারে, পৃথিবীর যেকোনো দেশের যেকোনো অখাদ্যমার্কা খাবারের সঙ্গে খুব সহজেই তারা মানিয়ে নিতে পারবে।
l অনেক ক্যানটিনেই একটা কমন অভিযোগ থাকে, ডাল দেখতে পানির মতো। তবে অনেক হলের ক্যানটিনের মালিক ডালের বাটিতে ডাল রাখার ঝামেলায় যান না, সরাসরি ট্যাপের পানি রাখেন।
l ক্যানটিনে আড্ডা দেওয়ার সময় বন্ধুরা প্রায়ই বলে, আমাদের ক্যানটিনে যারা খাচ্ছে এদের ভবিষ্যৎ সঙ্গীরা সুখী হবে। অন্তত রান্না নিয়ে কোনো দিন ঝগড়া লাগার চান্স থাকবে না।
l বাজারের পচা মাছগুলো কারা কেনে? হলের ক্যানটিনে মাছের তরকারি খাওয়ার পর এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন।
l মুরগির মাংসে কামড় দিলে দেখা যায়, ভেতরটা কাঁচা। এতে অভিযোগ করে লাভ হয় না। বয়দের ঝাড়ি দিলে বলে, ‘মামা, মুরগিটা কম বয়সী ছিল!’
l খাবারের মাঝামাঝি ক্যানটিন বয়দের পানি দিতে বললে তারা এমনভাবে তাকায় যেন এর চেয়ে অপমানসূচক কথা তারা এর আগে শোনেনি। দুয়েকজন অবশ্য ভালো আছে। ১০-১২ বার ‘পানি পানি’ বলে চিৎকার করলে পানি এনে দেয়।
l এত কিছুর পরও ক্যানটিন আছে বলেই এখনো দুমুঠো খেয়ে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা চালাতে পারছেন অনেকেই। এদিক থেকে ভাবলে কর্তৃপক্ষ অবশ্য একটা ‘স্যালুট’ পেতেই পারে!