ক্যাননের উত্সবমুখর একটি দিন
গাজীপুরের রাজেন্দ্রপুর ব্র্যাকের সিডিএস সিডিএম সেন্টার গত শুক্রবার ঝলমলে সাজে সেজে উঠেছিল। জায়গাটিতে সেদিন বাংলাদেশে ক্যাননের পরিবেশক জেএএন অ্যাসোসিয়েটস ক্যানন দিবস উদযাপন করে। সকালে দিনব্যাপী এই আয়োজনের বেলুন উড়িয়ে উদ্বোধন করেন জেএএন অ্যাসোসিয়েট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ এইচ কাফী। তিনি বলেন, সারা বছরের কর্মব্যস্ততার মধ্যে পরিবারকে সময় দেওয়া হয় না। এই একটি দিন পরিবার ও তথ্যপ্রযুক্তি ব্যবসার সঙ্গে জড়িত সবাইকে একসঙ্গে মিলিত হওয়ার একটি সুযোগ সৃষ্টি করে দেওয়া মাত্র। বার্ষিক এই আয়োজনে বিভিন্ন রকম খেলাধুলাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে বিসিএস কম্পিউটার সিটি বনাম ইসিএস কম্পিউটার সিটির মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেট ও ভলিবল খেলার আয়োজন করা হয়। এ ছাড়া মেয়েদের মধ্যে হাঁড়ি ভাঙা, বালিশ বদল, একক অভিনয়সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ছোট ছোট ছেলেমেয়েরা যেমন খুশি, তেমনি সাজসহ দিনব্যাপী তারা বিভিন্ন খেলায় মেতে উঠেছিল। বিকেলে বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। জেএএনের পরিবশেকদের পণ্য বিক্রির ওপর বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। এছাড়া জেএএনের কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন বিষয়ে অবদানের জন্য পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার, মহাসচিব মজিবুর রহমান, জেএএনের পরিচালক নজরুল ইসলামসহ অনেকে। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অয়োজন করা হয়। এ আয়োজনে দেশের খ্যাতনামা বেশ কয়েক আলোকচিত্রীও অংশ নেন।—বাদল খান