ক্যানসার রোধে স্টেম সেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেম সেল থেকে নিঃসৃত বিশেষ বিষ স্টেম সেল ও মস্তিষ্কের স্বাভাবিক কোষের কোনো ক্ষতি না করে শুধু ক্যানসার কোষ বা টিউমার ধ্বংস করে l ছবি: বিবিসির সৌজন্যে
স্টেম সেল থেকে নিঃসৃত বিশেষ বিষ স্টেম সেল ও মস্তিষ্কের স্বাভাবিক কোষের কোনো ক্ষতি না করে শুধু ক্যানসার কোষ বা টিউমার ধ্বংস করে l ছবি: বিবিসির সৌজন্যে

স্টেম সেলের বিশেষ পরিবর্তন করে মস্তিষ্কের ক্যানসার ধ্বংসকারী বিষ তৈরি করার পদ্ধতি আবিষ্কার করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। এটি প্রয়োগ করে ক্যানসার ধ্বংস করার ক্ষেত্রে সাফল্য পাওয়া গেছে। এতে রোগটির চিকিৎসা গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি হলো। পদ্ধতিটি আগামী পাঁচ বছরের মধ্যেই মানুষের ওপর প্রয়োগ করার ব্যাপারে গবেষকেরা আশাবাদী।
ইঁদুরের ওপর পরীক্ষামূলক গবেষণার ভিত্তিতে গবেষকেরা জানিয়েছেন, জিন প্রকৌশলের মাধ্যমে স্টেম সেলের পরিবর্তন ঘটানোর মাধ্যমে বিশেষ ধরনের বিষ তৈরি করা হয়েছে। স্টেম সেল থেকে নিঃসৃত ওই বিশেষ বিষ স্টেম সেল এবং মস্তিষ্কের স্বাভাবিক কোষের কোনো ক্ষতি না করে শুধু ক্যানসার কোষ বা টিউমার ধ্বংস করে। গবেষকেরা মানুষের মস্তিষ্কের ক্যানসারের চিকিৎসায় এই পদ্ধতি প্রয়োগ করতে আগ্রহী।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল এবং হার্ভার্ড স্টেম সেল ইনস্টিটিউটের একদল বিজ্ঞানী গবেষণা চালিয়ে স্টেম সেল থেকে ক্যানসার ধ্বংসকারী বিষ উৎপাদনের প্রচেষ্টা চালান। এতে নেতৃত্ব দেন দুটি প্রতিষ্ঠানেই একযোগে কর্মরত গবেষক খালিদ শাহ। তাঁদের গবেষণা নিবন্ধটি স্টেম সেলস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষকেরা দীর্ঘদিন ধরেই স্টেম সেলভিত্তিক থেরাপি বা চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছেন, যা অন্য কোষকে অক্ষত রেখে শুধু টিউমারই ধ্বংস করবে। তাঁরা জিন প্রকৌশলের মাধ্যমে স্টেম সেলকে বিষ উৎপাদনকারী কোষে পরিণত করলেও ওই বিষের প্রভাবে স্টেম সেল নিজে ক্ষতিগ্রস্ত হয় না। একই সঙ্গে বিষটি স্বাভাবিক ও সুস্থ কোষের জন্যও হুমকি নয়।
ইঁদুরের ওপর পরীক্ষা চালানোর সময় গবেষকেরা স্টেম সেলকে আঠার মতো পদার্থ (জেল) দিয়ে আবৃত করে মস্তিষ্কের টিউমার আক্রান্ত অংশে স্থাপন করেন। পরে তা সরিয়ে নেওয়া হয়। এতে দেখা যায়, ক্যানসার কোষে বিশেষায়িত স্টেম সেল থেকে নিঃসৃত বিষের বিরুদ্ধে কোনো প্রতিরোধব্যবস্থা নেই।
মানুষের মস্তিষ্কের ক্যানসারের চিকিৎসায়ও বিশেষায়িত ওই স্টেম সেল কাজ করবে বলে আশাবাদী খালিদ শাহ। তিনি বলেন, কোষের সব ধরনের গবেষণা এবং মস্তিষ্কের টিউমারের প্রোটিন গ্রহণপ্রক্রিয়া নিয়ে বিশ্লেষণ থেকে নিশ্চিত হওয়া গেছে যে স্টেম সেল থেকে নিঃসৃত বিষের কারণে ক্যানসার কোষ ধ্বংস হয়। আগে বিভিন্ন ধরনের ব্লাড ক্যানসারের চিকিৎসায় ক্যানসার ধ্বংসকারী বিষ ব্যবহার করে সাফল্য পাওয়া গেছে। তবে কঠিন টিউমারের ক্ষেত্রে এটি কাজ করেনি। কিন্তু জিন প্রকৌশল প্রযুক্তি প্রয়োগ করে অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব হয়েছে। বর্তমানের গবেষণাটির ফলাফল ভবিষ্যতে স্টেম সেল থেকে ক্যানসারের ওষুধ তৈরিতে ব্যবহার করা যাবে।
যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) গবেষক ক্রিস মেসন বলেন, স্টেম সেল বিশেষায়িত করে ক্যানসার ধ্বংসকারী বিষ তৈরি ও এর প্রয়োগের গবেষণাটি ভবিষ্যতের চিকিৎসাপদ্ধতি সম্পর্কে ধারণা দেয়।
যুক্তরাজ্যের ক্যানসার গবেষণাবিষয়ক তথ্য ব্যবস্থাপক নিল ব্যারি নতুন ওই চিকিৎসাপদ্ধতিকে ‘সুস্পষ্ট অগ্রগতি’ হিসেবে চিহ্নিত করে বলেন, মস্তিষ্কের ক্যানসার চিকিৎসায় কার্যকর চিকিৎসাপদ্ধতির জরুরি প্রয়োজন ছিল। নতুন এই পরীক্ষামূলক চিকিৎসাপদ্ধতি সেই চাহিদা পূরণ করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। তবে পদ্ধতিটি শুধু ইঁদুরের ওপরই পরীক্ষা করা হয়েছে। আর পুরো ব্যাপারটাই সম্পন্ন হয়েছে গবেষণাগারের ক্যানসার কোষে। তাই একে প্রতিষ্ঠিত চিকিৎসাপদ্ধতি হিসেবে গড়ে তুলতে হলে মানুষের মস্তিষ্কে পরীক্ষা চালিয়ে সাফল্য অর্জন করতে হবে।
মানুষের ওপর পরীক্ষায় সফলতা মস্তিষ্কের ক্যানসারে মৃত্যুর হার হ্রাস করতে সাহায্য করবে। গবেষক শাহ বলেন, তিনি পরীক্ষামূলক চিকিৎসাপদ্ধতিটি বিশেষ ক্যানসারে (গ্লিওব্লাসটোমা) আক্রান্ত ইঁদুরের ওপর প্রয়োগ করবেন। এই রোগের সঙ্গে বিশেষ পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ক্যানসারের সাদৃশ্য আছে।
সূত্র: বিবিসি।