
‘কেউ এই রোগে বাঁচে না বলে সবাই এসে বলতেন, কী খাবে? বলতাম, আমি তো অনেক দিন বাঁচব, কত দিন খাওয়াবেন? এই মনোবলটুকু আমার ছিল। তাই হয়তো ক্যানসার আমাকে হারাতে পারেনি।’ বলছিলেন ক্যানসারজয়ী একজন। এ রকম আরও ক্যানসারজয়ী মানুষের গল্প শোনা গেল ‘রাইড উইথ দ্য সারভাইভারস’ নামের আয়োজনে। ২০ জুন সানোফি বাংলাদেশ লিমিটেড, দৃক, রেডিও ফুর্তি ও বিডি সাইক্লিস্টদের সহযোগিতায় হয়ে গেল এ আয়োজন৷ তবে এই অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় ১ জুন থেকে।
টিপ টিপ বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। বৃষ্টি থামিয়ে দিতে পারেনি ক্যানসারজয়ী মানুষগুলোকে। তার আশপাশের মানুষগুলোকে। বিডি সাইক্লিস্ট দলের সদস্যদের অংশগ্রহণে একটি সাইকেল শোভাযাত্রা ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে দৃক গ্যালারিতে এসে শেষ হয়। দৃক গ্যালারিতে ক্যানসারজয়ী ও চিকিৎসকেরা বলেন ক্যানসার মোকাবিলা করার নানা গল্প। এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটালের রেডিয়েশন অ্যান্ড অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান কামরুজ্জামান চৌধুরী, অনকোলজিস্ট মোহাম্মদ আবদুল হাই এবং সানোফি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক অসিম জামাল।