ক্যানসারে আক্রান্ত স্কট থম্পসন! (ভিডিও)
ইয়াহুর প্রধান নির্বাহীর পদ থেকে সম্প্রতি সরে দাঁড়ানো স্কট থম্পসন (৫৪) তাঁর পদত্যাগের কারণ হিসেবে থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা বলেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইয়াহু থেকে সরে দাঁড়ানোর আগে সহকর্মীদের কাছে ক্যানসারে আক্রান্ত হওয়ার এই তথ্য জানিয়েছেন থম্পসন।জীবনবৃত্তান্তে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগে থম্পসনের বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠলেও তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন। তিনি ইয়াহুর কর্মকর্তাদের কাছে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়ে একটি মেইলও পাঠিয়েছিলেন। কিন্তু ইয়াহুর পরিচালনা পর্ষদের তদন্তের সময় তাঁর পদত্যাগের ইচ্ছার কথা জানিয়ে দেন। কারণ হিসেবে বলেন, তিনি থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এর চিকিত্সার জন্য তিনি ইয়াহুর প্রধান নির্বাহীর পদ ছেড়ে দিতে চান। জানা গেছে, এর মধ্যে ক্যানসারের জন্য চিকিত্সা নিতে শুরু করেছেন তিনি। তবে তাঁর অসুস্থতার বিষয়টি তিনি প্রকাশ্যে আনতে চান না।গত রোববার তিনি ইয়াহুর প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেছেন স্কট থম্পসন। থম্পসনের জায়গায় ইয়াহুর গ্লোবাল মিডিয়াপ্রধান রস লেভিনসনকে অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব দিয়েছে ইয়াহু পরিচালনা পর্ষদ।এর আগে গত জানুয়ারিতে ইয়াহুর প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া থম্পসনের বিরুদ্ধে জীবনবৃত্তান্তে ভুয়া তথ্য দেওয়ার অভিযোগের সত্যতা পায় প্রতিষ্ঠানটি। তবে থম্পসন তাঁর জীবনবৃত্তান্তে শিক্ষাগত যোগ্যতা হিসেবে ভুয়া তথ্য দেওয়ার কথা অস্বীকার করে বলেছিলেন, ওই প্রতিষ্ঠানে প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেতে তিনি এ ধরনের জীবনবৃত্তান্ত জমা দেননি বা ভুয়া তথ্যও সরবরাহ করেননি।