ক্যামেরায় ই-মেইল!
দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং অ্যান্ড্রয়েডনির্ভর গ্যালাক্সি ক্যামেরা বাজারে এনেছে। এ ক্যামেরা থ্রিজি সিম সমর্থন করে বলে এটি ক্যামেরার পাশাপাশি ইন্টারনেট ব্রাউজ করার জন্যও ব্যবহার করা যায়।জাপানের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাজারে প্রতিযোগিতায় নামতেই অ্যান্ড্রয়েড-নির্ভর ক্যামেরা এনেছে স্যামসাং। চলতি বছরের আগস্ট মাসে গ্যালাক্সি ক্যামেরা বাজারে আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।স্যামসাং গ্যালাক্সি ক্যামেরায় তারবিহীন প্রযুক্তিতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছবি আপলোড করার সুবিধা রয়েছে। কম্পিউটারে আলাদাভাবে যুক্ত করার পরিবর্তে ওয়াই-ফাই বা মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আপলোড করার সুবিধা রয়েছে ১৬ মেগাপিক্সেল সেন্সরযুক্ত গ্যালাক্সি সিরিজের ক্যামেরায়। বাজার গবেষকেরা জানিয়েছেন, স্যামসাংয়ের গ্যালাক্সি ক্যামেরা বাজারে জনপ্রিয়তা পেলে জাপানের ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠানগুলোর জন্য তা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান ক্যানন, সনি, প্যানাসনিক, নাইকন, অলিম্পাসকে স্যামসাংয়ের সঙ্গে বাজারে লড়তে হবে।৪.৮ ইঞ্চি মাপের স্যামসাং গ্যালাক্সি ক্যামেরার দাম বাংলাদেশি টাকায় প্রায় ৪৫ হাজার টাকা।